করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ১০ রাজ্যে রেকর্ড সংক্রমণ
যুক্তরাষ্ট্রে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৫০টি অঙ্গরাজ্যের ১০টিতেই গত শুক্রবার দৈনিক রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।
এই ১০ রাজ্যের মধ্যে ওহাইও, মিনেসোটা, মিজৌরি ও ইন্ডিয়ানা আছে। উইসকনসিন ও ইলিনয় অঙ্গরাজ্যে গত দুই দিনে তিন হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
গত বসন্তে যুক্তরাষ্ট্র যখন সংক্রমণের চূড়ায় ছিল তখনও এই দুই অঙ্গরাজ্যে দৈনিক এত রোগী শনাক্ত হয়নি।
পশ্চিমের অঙ্গরাজ্য মন্টানা, নিউ মেক্সিকো, উইওমিং, ওকলাহোমা এবং ওয়েস্ট ভার্জিনিয়াতেও দৈনিক শনাক্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তিন রাত তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। এখন তিনি ভালো আছেন এবং তাকে কোনো ওষুধ গ্রহণ করতে হচ্ছে না বলে নিজেই জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তিনি করোনাভাইরাস ‘নেগেটিভ’ হয়েছেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি।
ট্রাম্প কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় রিপাবলিকান শিবিরের নির্বাচনী প্রচার প্রায় থমকে গিয়েছিল। শনিবার হোয়াইট হাউজের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়ে পুনরায় নির্বাচনী প্রচার শুরু করেছেন ট্রাম্প। সোমবার তার ফ্লোরিডা যাওয়ার কথা।
করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ট্রাম্প ও তার প্রাশসন চরমভাবে ব্যর্থ। যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে। আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচিত হচ্ছেন ট্রাম্প।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নানা জনমত জরিপে দেখা যাচ্ছে, মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশটির ভোটররা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর আস্থা হারিয়েছেন।
কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ এবং মৃত্যু উভয় তালিকাতেই দেশটি অবস্থান এক নম্বরে।
দেশটিতে গত কয়েক সপ্তাহে নতুন সংক্রমণ এবং মৃত্যু উভয়ই কিছুটা হ্রাস পেয়েছে। তারপরও সেখানে এখনও প্রতিদিন গড়ে সাতশ মানুষ মারা যাচ্ছে।
আরকানস’, মিজৌরি ও মন্টানায় শুক্রবার দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছে।
আগামী শীতে পুরো বিশ্বেই করোনাভাইরাস সংক্রমণ আবার ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
