২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

ফ্রান্সে মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 01:25 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে মধ্যপশ্চিমাঞ্চলীয় ত্যুর শহরের দক্ষিণ-পূর্বে বিমান দুটির মধ্যে সংঘর্ষের পর সেগুলো মাটিতে আছড়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৫০ দমকল কর্মীসহ জরুরি বিভাগের সদস্যদের পাঠানো হয়। তারা বিমান দুটির ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেই স্থানগুলো ঘিরে রেখেছেন।

বিমান দুটি আছড়ে পড়ার সময় নিচে থাকা কেউ আঘাত পায়নি।

সংঘর্ষে জড়ানো বিমান দুটির মধ্যে ছোটটি একটি মাইক্রোলাইট এয়ারক্রাফট। এতে মাত্র দুই জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর এ বিমানটি ত্যুরের ৪৬ কিলোমিটার দক্ষিণ পূর্বের লশেঁ শহরের  একটি বাড়ির বেষ্টনির উপর পড়ে।

বাড়িটির বৈদ্যুতিক মিটারে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

অপেক্ষাকৃত বড় বিমানটি সেখান থেকে ১০০ মিটারেরও বেশি দূরে একটি জনশূন্য এলাকায় পড়ে। ডায়মন্ড ডিএ৪০ বিমানটিতে তিন আরোহী ছিলেন।

“দুই বিমানে থাকা ৫ আরোহীর সবাই মারা গেছেন। বিমান দুটি খুঁজে বের করতে লিঁও থেকে জরুরি বিমান কর্মীদের নিয়ে আসা হয়; দ্রুতই বিমানদুটির খোঁজ মেলে,” বলেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা নাজিয়া সেগেই ।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এবং কীভাবে মাঝ আকাশে বিমান দুটির মধ্যে সংঘর্ষ ঘটল  সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফ্রান্সে মাঝ আকাশে ছোট দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা খুবই বিরল। ১৯৯৮ সালে ব্রিটানি উপকূলের কাছে কিবোন বে’র উপর একটি বিচক্রাফট ১৯০০ডি বিমানের সঙ্গে একটি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।

“এটি একটি অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত ঘটনা,” বলেছেন লশেঁর মেয়র মার্ক আঙ্গেনল।