করোনাভাইরাস: রেকর্ড সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ একলাফে রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
বিবিসি জানায়, স্পেন সরকার আঞ্চলিক কর্তৃপক্ষের বিরোধিতার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের রাশ টেনে ধরতে রাজধানী মাদ্রিদে ১৫ দিনের জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে।
মাদ্রিদ এবং আশেপাশের আরও কয়েকটি শহরে মানুষের চলাফেরার ওপরে থাকবে কড়াকড়ি। ওদিকে, ফ্রান্সে আরও চারটি শহরে শনিবার থেকে বার, রেস্টুরেন্ট বন্ধের প্রস্তুতি চলছে।
পোল্যান্ডে এ সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ায় শনিবার থেকে দেশজুড়ে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে।
জার্মানিতে শুক্রবার নতুন ৪ হাজার ৫১৬ জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে যুক্তরাজ্যেও।
ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আবারও সব বার, রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি তিন স্তরের লকডাউন বিধি আরোপের পরিকল্পনা করেছে সরকার।
‘শীতের আগমনীতে জেগে উঠছে ভাইরাস’
যুক্তরাজ্যে ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ডার্কফোর্ড বলেছেন, “মহামারী আবার খারাপ আকার ধারণ করছে এবং দ্রুতই আরও খারাপের দিকে যাচ্ছে।”
এমনকী কঠোর বিধিনিষেধ আরোপ থাকা এলাকাগুলোতেও অবিরাম দ্রুতগতিতে ভাইরাস সংক্রণ ঘটে চলেছে, বলেন তিনি।
“পরিস্থিতিকে দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসা কিংবা ভালর দিকে নিয়ে যাওয়ার চটজলদি কোনও পথ নেই।”
ইংল্যান্ডে দৈনিক সংক্রমণের রেকর্ড:
ইংল্যান্ডে সেপ্টেম্বরের শেষ দিকে করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘটেছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) হিসাবমতে, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ইংল্যান্ডে দৈনিক নতুন ১৭ হাজার ২০০ মানুষের ভাইরাস শনাক্ত হয়েছে।
যেখানে এর আগের সপ্তাহেই দৈনিক করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪শ’ জন।
যুক্তরাজ্যে এখনও সংক্রমণ বাড়ছেই। সরকারি হিসাবে, বৃহস্পতিবারই দেশটিতে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪০ জন। এ সংখ্যা আগের দিন শনাক্ত হওয়া ১৪, ১৬২’র চেয়ে বেশি।
তাছাড়া, করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার ২৮ দিনের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭৭ জনের। ৭ দিনের গড় হিসাবে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বাড়তে দেখা গেছে।
পোল্যান্ডে বড় ধরনের ‘দ্বিতীয় ঢেউ’:
পোল্যান্ড মহামারীর বড় ধরনের দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৩৯ জন এবং মারা গেছে ৫২ জন।
এ সপ্তাহে পোল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় আরও বড় ঢেউ আছড়ে পড়েছে।
নেদারল্যান্ডসে দ্রুত বাড়ছে সংক্রমণের হার:
নেদারল্যান্ডসে করোনাভাইরাস সংক্রমণ একরাতেই লাফিয়ে বেড়েছে। বিশ্বে এখন দ্রুত সংক্রমণের হার বেড়ে যাওয়া অন্যতম দেশ হয়ে উঠেছে নেদারল্যান্ডস।
করোনাভাইরাস ছড়ানোর উৎসগুলোকে চিহ্নিত করে তা বিধিনিষেধ এবং লকডাউনের আওতায় রেখেও সংক্রমণ কমাতে পারছে না দেশটি।
সেপ্টেম্বরের শেষ দিক থেকে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা কেবলই বেড়েছে। গত ৬ অক্টোবরে দেশটিতে একদিনে ভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭২ জনের। আগের দিনই যা ছিল ৪ হাজার।
বলকান রাষ্ট্রগুলোও দুর্দশায়:
দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান অঞ্চলের দেশগুলোতে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমণের খবর এসেছে।
ক্রোয়েশিয়ায় শনাক্ত হয়েছে ৫৪২ জন, স্লোভেনিয়ায় ৩৮৭, বসনিয়ায় ৪৫৩ এবং নর্থ মেসিডোনিয়ায় ৩৬৪ জনের ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশগুলো মরিয়া হয়ে ভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টা করছে। কোনও কোনও দেশে সংক্রমণ রেকর্ড না ভাঙলেও ভাইরাস ছড়ানো নিয়ে মারাত্মক উদ্বেগ বিরাজ করছে।
মন্টিনিগ্রোতে ভাইরাস পরীক্ষায় এক তৃতীয়াংশই পজিটিভ এসেছে। স্লোভেনিয়া কর্তৃপক্ষ ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরই মধ্যে নতুন কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিয়েছে।
নিষিদ্ধ করা হচ্ছে ১০ জনের বেশি মানুষের জমায়েত। ওদিকে, ক্রোয়েশিয়া কর্তৃপক্ষও বদ্ধ জায়গায় মাস্ক পরাসহ কড়া স্বাস্থ্যবিধি জারির পদক্ষেপ নিচ্ছে।
চেক রিপাবলিক:
দেশটিতে এ সপ্তাহে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুও ঘটেছে। সেইসঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও এক লাফে অনেক বেড়ে গেছে। সংক্রমণ ঠেকাতে শুক্রবার রাত থেকেই পাব, রেস্টুরেন্টসহ সব জনসমাগম এলাকা বন্ধ করা হচ্ছে।
রাশিয়ায় রেকর্ড সংক্রমণ:
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২ ১২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারীর শুরু থেকে দেশটিতে দৈনিক হিসাবে এটিই সর্বোচ্চ সংক্রমণ।
এর আগে রাশিয়ায় গত ১১ মে তে সর্বোচ্চ সংক্রণের রেকর্ড ছিল ১১ হাজার ৬৫৬ জন।
নতুন সংক্রমণের হার সেপ্টেম্বরের শুরু থেকে ধীরে ধীরে বেড়েছে। তবে কর্তৃপক্ষ এখনও সংক্রমণ ঠেকাতে নতুন করে কঠোর কোনও লকডাউনের পদক্ষেপ নেয়নি, এমনকী এই সংক্রমণ বৃদ্ধিকে মহামারীর ‘দ্বিতীয় ঢেউ’ও বলেনি।
রাশিয়ায় এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১,২৭২,২৩৮ জন এবং মারা গেছে ২২,২৫৭ জন।
