করোনাভাইরাস: গুরুতর সংকটের শঙ্কায় বিশ্বসেরা বিমানবন্দর
কোভিড-১৯ মহামারী কমার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় আগামী দিনগুলোতে দীর্ঘমেয়াদে গুরুতর সংকটময় পরিস্থিতিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে সিঙ্গাপুরের বিশ্ব সেরা চাঙ্গি বিমানবন্দর কতৃপক্ষ।
অষ্টমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে চাঙ্গি। কিন্তু করোনাভাইরাস মহামারীর এ সময়ে বিমানবন্দরটিতে ফ্লাইট ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিমানবন্দরের দুটি টার্মিনালের কার্যক্রম এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। পঞ্চম আরেকটি টার্মিনাল নির্মাণের কাজও অন্তত দুই বছরের জন্য স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
বার্ষিক এক প্রতিবেদনে চাঙ্গি বিমানবন্দর গ্রুপ জানায়, “কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই মাত্র শুরু হল। পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা না দেওয়ায় ভবিষ্যৎ খুবই দুর্বিষহ মনে হচ্ছে।”
জানুয়ারিতে মহামারীর প্রাদুর্ভাবের পর মার্চেই বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। তার ওপর করোনাভাইরাস ঠেকাতে বিমানবন্দরে দর্শনার্থীদের ট্রানজিট এবং প্রবেশও নিষিদ্ধ করা হয় ২৩ মার্চে।
এতে চাঙ্গির আয় কমেছে। আয়ের এই পতন গত বছরের সব অর্জনই ম্লান করে দিয়েছে। এই নেতিবাচক পরিস্থিতির মধ্যেও যুক্তরাজ্য-ভিত্তিক স্কাইট্র্যাক্সের র্যাংকিং-এ এবছরও বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পায় চাঙ্গি।
২০১৯ সালে জুয়েল নামে ১৫ লাখ বর্গফুটের বিশাল একটি শপিংমল ও বিনোদনকেন্দ্র চালু করেছিল চাঙ্গি কর্তৃপক্ষ। বিমানবন্দরের ভেতরে একটি বাদাবন ও গোলকধাঁধাসহ বিশ্বের বৃহত্তম ঝর্ণাও নির্মাণ করা হয়েছিল।
নতুন এই চিত্তাকর্ষক উদ্যোগ নিয়ে চাঙ্গি রাজস্ব কিছুটা বাড়াতেও পারলেও যাত্রীসংখ্যা এবং ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি এখনও মোটেই ভাল নয়। বার্ষিক আয়ের হিসাবে সেরা এ বিমানবন্দরের দশা বেহাল।
বিমানচলাচল কখন চাঙ্গা হবে তা নির্ভর করছে বিশ্বের বিভিন্ন দেশ কখন তাদের সীমান্ত খুলছে এবং ভ্রমণ বিধি শিথিল করছে তার ওপর। তাছাড়া, নতুন করোনাভাইরাসের নিরাময়যোগ্য চিকিৎসার ব্যবস্থা হলেও হয়ত পরিস্থিতি বদলাতে পারে।
