২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসে অস্থিরতার একদিন

মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা মাস্ক ছাড়াই এমনভাবে চলেছেন যেন কোথাও কোনো মহামারী নেই। তারপর পরীক্ষায় স্বয়ং প্রেসিডেন্টের করোনাভাইরাস ধরা পড়ার পর পরিস্থিতি পাল্টে যায়, অস্থিরতা কবলিত একটি দিন শুরু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 11:58 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

বিবিসির হোয়াইট হাউস প্রতিবেদক টারা ম্যাকেলভির বয়ানে সেই দিনটির চিত্র তুলে ধরা হল।

শুক্রবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউস থেকে ১৪ কিলোমিটার দূরে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। পরিবেশ এত শান্ত ছিল যে কেউ ওক গাছের ফল পড়ার শব্দও শুনতে পেত। পরিবেশ শান্ত থাকলেও টানটান উত্তেজনা বিরাজ করছিল।

একটি গাছ থেকে পুলিশ টেপ অপরদিকে একটি বাস্কেটবলের থাম পর্যন্ত টেনে দিয়ে প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ানের নামার জায়গা চিহ্নিত করা হয়েছে, বিস্ফোরক আছে কিনা চারদিক শুঁকে দেখছে একটি কুকুর। শিগগিরই ডনাল্ড ট্রাম্প এসে নামবেন আর কেউ জানে না কী হতে যাচ্ছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা তার সহকর্মীদের বলছেন প্রেসিডেন্টের হেলিকপ্টার এসে নামার সময় তাদের কোথায় দাঁড়ানো উচিত। এই কর্মকর্তা স্বীকার করলেন, তারা নিখুঁত কোনো পরিকল্পনা ধরে এগোতে পারছেন না এবং তা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, “কী হতে যাচ্ছে তা কেউ জানে বলে মনে হচ্ছে না।”

হাসপাতালের বাইরে অতিসতর্ক পর্যবেক্ষক হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর ওই দিনটির অধিকাংশ সময় হোয়াইট হাউসেও প্রায় একই অবস্থা বিরাজ করছিল।

এই অস্থিরতার শুরু শুক্রবার ভোররাতের আগে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১টার কিছুক্ষণ আগে, তার করোনাভাইরাস পজিটিভ, টুইটে ট্রাম্প এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহযোগীরা ও কর্মীরা স্বাভাবিকতা বজায় রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি এমন জট পাকিয়ে যায় যে সেটিকে অনেকটা বিশৃঙ্খলার মতোই দেখাচ্ছিল। উদ্বেগ, চিৎকার ও কিছু কান্নাকাটির ঘটনাও ঘটে। 

যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য সংকটের বিষয়ে প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে একটি আশাবাদ জিইয়ে রাখতে সক্ষম হয়েছিলেন, যেন তিনি এই মহামারী দূর করে দিতে পারবেন। কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে দুই লাখ লোকের মৃত্যু হওয়ার পরও সম্প্রতি তিনি বলেছিলেন, “মহামারী নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে।”

বৃহস্পতিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আগে রেকর্ড করে রাখা এক ভাষণে তিনি জোর দিয়ে বলেন, “মহামারীর শেষ দৃশ্যমান হচ্ছে।”

এর আগে গত মাসে ক্লিভল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সবসময় মাস্ক পড়ে থাকার জন্য উপহাসও করেছিলেন তিনি।

Image
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে করে হাসপাতালে যাবেন, তা দেখার জন্য দাঁড়িয়ে আছেন হোয়াইট হাউসের কর্মীরা। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে করে হাসপাতালে যাবেন, তা দেখার জন্য দাঁড়িয়ে আছেন হোয়াইট হাউসের কর্মীরা। ছবি: রয়টার্স

গত কয়েকমাস ধরে করোনাভাইরাসের বিষয়ে ট্রাম্পের ঢিলেঢালা কথাবার্তা তার সহযোগী ও কর্মীদের কথা ও কাজের মধ্য দিয়ে আরও বেশি প্রকট হয়েছিল। প্রায়ই তাদের দেখে মনে হচ্ছিল তারা কোভিড সময়ের আগে বাস করছেন। তাদের মধ্যে অল্প কয়েকজন শুধু হোয়াইট হাউসের ওয়েস্ট উয়িং এর দপ্তরে মাস্ক পরে আসতেন আর দুপুরে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের পাশের ঘরে ছোট একটি লাঞ্চ টেবিলের চারপাশে একসঙ্গে ভিড় করতেন। তারা হোয়াইট হাউসের দক্ষিণ লনের অনুষ্ঠানগুলোতে শত শত অতিথিদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতেন।

এখন প্রেসিডেন্ট অসুস্থ আর ভাইরাস যখন তাদের ঘিরে ধরেছে এবং তাদের দপ্তরগুলো দখল করে নিয়েছে তখন হঠাৎ করে তার সহযোগীরা বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম শুরু করে দিয়েছেন। প্রেসিডেন্টের একজন শীর্ষ উপদেষ্টা হোপ হিক্সের করোনাভাইরাস পজিটিভ এসেছে, তার প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন, রিপাবলিকান পার্টির দু্ই জন সিনেটর এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারওম্যান রোনা ম্যাকড্যানিয়েলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মীরা এখন আইসোলেশনে আছেন। নিম্নপদস্থ কর্মীরা ব্যাপক শনাক্তকরণ পরীক্ষা কর্মসূচীর কলে উন্মত্তের মতো সাড়া দিচ্ছেন। প্রেসিডেন্টের হাসপাতালে যাওয়ার খবরটিও দুর্ঘটনাবশত ফাঁস হয়, কেউ একজন পড়ার আগেই একটি ইমেইল পাঠিয়ে দেওয়াতেই সেটি সবাই জেনে যায়।

শুক্রবার সকাল পর্যন্ত প্রেসিডেন্টের উপদেষ্টারা সাংবাদিকদের আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট কাজ করে যাচ্ছেন এবং হোয়াইট হাউস সাবলীলভাবে পরিচালিত হচ্ছে।

এর মধ্যেই ওয়েস্ট উয়িং এ লোকজন চিৎকার করছিল। “আপনি এখানে মাস্ক ছাড়াই এসেছেন,” কেউ একজন এক সাংবাদিকের উদ্দেশ্যে চিৎকার করে একথা বলে তাকে ওই প্রাঙ্গণ ছেড়ে যেতে বলেন। একজন নিম্নপদস্থ কর্মী অতিরিক্ত চাপে ক্লান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পুরো দপ্তরজুড়ে অনিশ্চয়তার এক গুমোট আবহাওয়া বিরাজ করছিল।

মাসের পর মাস ধরে ওয়েস্ট উয়িং এ তাদের ডেস্কে বাস প্রায় কেউই মাস্ক পড়তো না, কিন্তু এখন সবাই মাস্ক পড়ে আছেন।

বিকালে পরিষ্কার হয়ে যায় সবকিছু ভালোভাবে চলছে না। হোয়াইট হাউসের এক কর্মী প্রেসিডেন্টকে অনুসরণ করা সাংবাদিকদের মিলিটারি হাসপাতালে গিয়ে প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করতে বলেন।

মেরিন ওয়ান নির্দিষ্ট স্থানে নামার সময় হলুদ পাতাগুলো বাতাসে উড়তে থাকে। ট্রাম্প রেলিং ধরে সিঁড়ি বেয়ে নেমে এসে গাড়িতে ওঠেন। এ সময় যতটুকু দেখা গেছে তাকে দমিতই মনে হয়েছে। এটি ছিল প্রেসিডেন্টের জন্য এবং আমেরিকানদের জন্যও একটি দীর্ঘদিনের অবসান।