ফ্রান্সে ঝড়, বৃষ্টি, বন্যায় নিখোঁজ ৮
ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ের পর ভারী বৃষ্টিপাতে নিস শহরের আশপাশের এলাকাগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
এসব প্রাকৃতিক দুর্যোগে সেখানে অন্তত আট জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মেতেও ফ্রান্স জানিয়েছে, কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৪৫০ মিলিমিটারেরও (১৭ দশমিক ৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। এই পরিমাণ বৃষ্টি বছরের এই সময়ের প্রায় চার মাসের বৃষ্টিপাতের সমান বলে জানিয়েছে তারা।
দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের জেরেমি ক্রাঞ্চচাও ফ্রান্স ইনফোকে বলেছেন, ২০১৫ সালে ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চলের কান শহরে ও আশপাশে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছিল, এবার তার চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে।
শুক্রবার ঝড়টি ইতালি সীমান্তের আল্পস-মেরিটাইম বিভাগের দিকে এগিয়ে যেতে থাকায় ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।
বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী সময়ে অ্যালেক্স নামের ঝড়টি ১৮০ কিলোমিটারেরও বেশি বেগে ব্রিটানি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।
শনিবার কর্তৃপক্ষ ঝড়ের সতর্কতা সঙ্কেত রেড অ্যালার্ট থেকে কমিয়ে অরেঞ্জ করেছে আর বৃষ্টি ইতালির দিকে সরে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
