২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস আক্রান্ত নন বাইডেন, মাইক পেন্সও ‘নেগেটিভ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হলেও নির্বাচনে তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এ যাত্রায় ভাইরাস সংক্রমিত হননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 11:13 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

এমনকী ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীরও করোনাভাইস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ট্রাম্প আক্রান্ত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনও আক্রান্ত কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

বিশেষ করে গত মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকায় বাইডেন আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ ছিল।

বিবিসি জানায়, এ উদ্বেগের কারণে শুক্রবার সকালেই বাইডেনের পাশাপাশি তার স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন তাদের চিকিৎসকরা। এরপর বাইডেন জানান, তাদের দুইজনেরই পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

ওদিকে, ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সস্ত্রীক করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরীক্ষায় দুইজনেরই ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন পেন্সের মুখপাত্র।

পেন্সের প্রেস সেক্রেটারি এক টুইটে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ভাল আছেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস জানিয়েছেন, ট্রাম্পের  করোনাভাইরাসের উপসর্গ খুবই মৃদু। তিনি এখনও যথেষ্ট উদ্যমী। ট্রাম্প কাজ চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন। তিনি খুব দ্রুতই সেরে উঠবেন বলেও মেডোস আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে কোনও প্রেসিডেন্টের এরকম গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। আর প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের এই অসুস্থতা নতুন সঙ্কটের ঝুঁকি তৈরি করেছে।

যদি ট্রাম্প অসুস্থতার কারণে সরকার পরিচালনায় ‍অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী প্রথমেই যার ওপর ‍দায়িত্ব অর্পন করতে পারবেন তিনি হচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।