‘নেগেটিভ রিভিউ’, থাইল্যান্ডে মার্কিন পর্যটকের বিরুদ্ধে মামলা
থাইল্যান্ডের একটি হোটেলে থাকার পর বিভিন্ন ওয়েবসাইটে সেই হোটেল সম্বন্ধে নেতিবাচক রিভিউ পোস্ট করে মামলার মুখে পড়েছেন মার্কিন এক পর্যটক।
ওয়েসলি বার্নস নামের ওই পর্যটক চলতি বছরের শুরুর দিকে সি ভিউ রিসর্ট নামে ওই হোটেলটিতে ছিলেন। পরে ট্রিপঅ্যাডভাইজরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি হোটেলটির বিরুদ্ধে ‘আধুনিক যুগের দাসত্বের’ অভিযোগ এনেছিলেন।
বার্নসের এ কড়া সমালোচনা হোটেলের সুনাম ক্ষুণ্ণ করেছে অভিযোগ করে সি ভিউ রিসর্ট তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে।
দোষী প্রমাণিত হলে মার্কিন এ নাগরিকের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
“হোটেলটির মালিক একটি অভিযোগ দায়ের করেছেন, যাতে আসামির বিরুদ্ধে হোটেল সম্পর্কে ট্রিপঅ্যাডভাইজরে অসত্য রিভিউ পোস্ট করার কথা বলা হয়েছে,” জানিয়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে কোহ চাং দ্বীপে অবস্থিত রিসর্টটির রেস্তোরাঁয় খাওয়ার সময় বার্নস নিজের মদের বোতল নিতে চাইলে তার সঙ্গে কর্মচারীদের তর্কাতর্কি হয়।
হোটেল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, বার্নস ‘গোলমাল বাঁধিয়েছিলেন’ এবং কর্কেজ ফি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
অনেক দেশেই রেস্তোরাঁয় বাইরে থেকে খাবার বা পানীয় নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়না। পানীয় বা মদ নিয়ে ঢুকতে চাইলে সামান্য ফি দিতে হয়, একে কর্কেজ ফি বলে।
বার্নসের সঙ্গে হোটেলের কর্মচারীদের তর্কাতর্কির এক পর্যায়ে রিসর্টটির ব্যবস্থাপক বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং বার্নসের ক্ষেত্রে ওই ফি মওকুফ করে দেন।
হোটেলটি ছাড়ার সময় বার্নস সি ভিউ রিসর্ট সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে ধারাবাহিকভাবে নেতিবাচক রিভিউ পোস্ট করতে থাকেন; যা দেখে হোটেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মানহানির মামলা দেয়।
থাইল্যান্ডের পুলিশ বার্নসকে আটক করে, কয়েক রাত কারাগারে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান।
হোটেল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বার্নস যে পোস্টগুলো দিয়েছিলেন সেগুলো ‘মনগড়া, মিথ্যা ও দূষিত’।
একটি পোস্টে মার্কিন এ পর্যটক সি ভিউ রিসর্টের বিরুদ্ধে ‘আধুনিক যুগের দাসত্বের’ অভিযোগ এনেছিলেন। যদিও এই পোস্টটি ট্রিপঅ্যাডভাইজরের নির্দেশনা লংঘন করায় সেটি কখনোই ওই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি বলে দাবি বার্নসের।
মার্কিন এ নাগরিক জানান, হোটেলের সঙ্গে ঝামেলার কারণে ইতোমধ্যেই তিনি চাকরি খুইয়েছেন। এ ঘটনা যেভাবে ছড়িয়েছে, তাতে নতুন কোথাও চাকরি পাওয়াও ‘কঠিন হয়ে পড়েছে’ বলে মনে করছেন তিনি। যে কয়দিন আটক ছিলেন, সে কয়দিনের ‘ভীতিকর’ পরিস্থিতির কথা মনে করে জেলে যেতে ভয় পাওয়ার কথাও জানিয়েছেন মার্কিন এ পর্যটক। অক্টোবরের শুরুতে তাকে ফের আদালতে হাজিরা দিতে হবে।
বার্নস চাইছেন, আদালতের বাইরেই হোটেলের সঙ্গে ব্যাপারটা মিটমাট করে নিতে।
অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মামলা করার আগে তারা ধারাবাহিকভাবে বার্নসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কিন এ নাগরিক সেসময় তাদেরকে পাত্তাই দেননি। উল্টো ধারাবাহিকভাবে ‘নিত্যনতুন মিথ্যা রিভিউ’ পোস্ট করে গেছেন।
বিভিন্ন প্ল্যাটফর্মে ‘নেগেটিভ রিভিউ’ পড়ায় বুকিং বাতিল এবং কর্মচারীদের আচরণ নিয়ে একের পর এক প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছিল হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। বার্নস ‘নেগেটিভ রিভিউ’ না দিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হবে না বলে প্রস্তাব দিয়েছিলেন বলেও জানিয়েছেন তারা।
“আমরা যখন বুঝতে পারি যে তিনি সামনেও সপ্তাহের পর সপ্তাহ নেগেটিভ রিভিউ দিয়েই যাবেন, তখন এটি আটকাতেই আমরা মামলার পথ বেছে নিই। মাসখানেকেরও বেশি সময় ধরে আমরা তার সঙ্গে বিষয়টা বন্ধুত্বপূর্ণভাবে ফয়সালা করতে যোগাযোগের চেষ্টা করেছি, তিনি আমাদের এড়িয়ে গেছেন। তিনি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যখন কর্তৃপক্ষ আমাদের অভিযোগের বিষয়টি তাকে জানায়।
“একটি নির্দিষ্ট সময় ধরে একাধিক মিথ্যা ও মানহানিকর রিভিউ ভয়াবহ ক্ষতিকর হতে পারে, বিশেষ করে এ চরম প্রতিকূল সময়ে,” বলেছে হোটেল কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে থাইল্যান্ডের পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
