চীনের সঙ্গে নামের মিলে বিভ্রান্তি, পাসপোর্ট বদলাচ্ছে তাইওয়ান
সার্বভৌমত্বের উপর বেইজিংয়ের অব্যাহত চাপ এবং চীনের সঙ্গে দাপ্তরিক নামের মিল নিয়ে বিভ্রান্তিতে চরম বিরক্ত তাইওয়ান এবার নিজেদের পাসপোর্টের নকশাই বদলে ফেলছে।
নতুন নকশায় স্বশাসিত দ্বীপটির স্বতন্ত্র পরিচয়কে আরও বড় আকারে হাজির করা হবে বলেও বুধবার জানিয়েছে তারা।
করোনাভাইরাস মহামারীর সময় পাসপোর্টে লেখা তাইওয়ানের দাপ্তরিক নাম নিয়ে দ্বীপটির নাগরিকদের অন্য দেশে ঢুকতে বেশ সমস্যা হয়েছিল বলে জানিয়েছে তাইপে। সেসময় চীনা নাগরিকদের বিভিন্ন দেশে প্রবেশে নানান বিধিনিষেধ ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বশাসিত দ্বীপটির এখনকার পাসপোর্টের কভারে ইংরেজি হরফে বড় করে ‘রিপাবলিক অব চায়না’ লেখা রয়েছে; ‘তাইওয়ান’ লেখা রয়েছে নিচের দিকে।
নকশা বদলে ফেলায় আগামী বছরের জানুয়ারি থেকে ছাপা হওয়া নতুন কভারে আর ইংরেজিতে বড় করে ‘রিপাবলিক অব চায়না’ লেখাটা থাকছে না; ‘তাইওয়ান’ থাকছে আগের চেয়েও বড় আকারে।
ইংরেজি হরফে দাপ্তরিক নাম বড় করে না রাখা হলেও পাসপোর্টের কভারে চীনা ভাষায় ‘রিপাবলিক অব চায়না’ লেখাটা আগের মতোই থাকছে। জাতীয় প্রতীকের চারপাশে বৃত্তাকারে ছোট করেও ইংরেজি দাপ্তরিক নামটি জুড়ে দেওয়া হবে।
তাইওয়ানের নাগরিকদের ভুল করে চীনের নাগরিক ভাবা বন্ধ করতেই নতুন পাসপোর্টটি প্রয়োজন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বশাসিত দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ।
মহামারীরর শুরুর দিকে চীনের নাগরিকদের অন্যান্য দেশে ঢোকার সময় নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হয়েছিল। পাসপোর্টে কাছাকাছি নাম থাকায় তাইওয়ানের নাগরিকদেরও অনেক ক্ষেত্রে প্রায় একই ধরনের সমস্যায় পড়তে হয়েছে, বলেছেন উ।
তাইওয়ানকে চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলেই বিবেচনা করে আসছে; স্বশাসিত দ্বীপটি স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা।
দ্বীপটির পাসপোর্ট বদলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেছেন, তাইওয়ান যত ধরনের চেষ্টাই করুক না কেন, তারা যে চীনের অবিচ্ছেদ্য অংশ, এই সত্য বদলাবে না।
চীনের সঙ্গে মিল থাকায় দাপ্তরিক নাম বদল নিয়ে তাইওয়ানের ভেতরেই গত কয়েক বছর ধরে তুমুল তর্ক বিতর্ক চলছে। করোনাভাইরাস মহামারীর সময় তা আরও বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
স্বশাসিত এ দ্বীপটি এখন তাদের সবচেয়ে বড় ক্যারিয়ার চায়না এয়ারলাইন্সের নাম ও নকশা বদলের কথাও বিবেচনা করছে।
