২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিজুড়ে নতুন লকডাউনের প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শীতের সময়ে দেশজুড়ে আরেকবার লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Sep 2020, 06:21 PM

Updated : 08 Apr 2022, 01:17 AM

জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মধ্যেও বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বললেন।

ইউরোপে অন্যান্য দেশগুলোর তুলনায় জার্মানিতে প্রথমদিকে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু কম থাকলেও সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটিতে আবার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

শঙ্কা বাড়ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের। স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স বলেন, বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা প্রতিদিনই ভাইরাসটি সম্পর্কে নতুন করে জানছেন।

গত মার্চে সমাজের দুর্বলদেরকে রক্ষায় দেশজুড়ে লকডাউন দেওয়াটা সঠিক পদক্ষেপ ছিল উল্লেখ করে তিনি বলেন, এই লকডাউন আবার দেওয়ার প্রয়োজন পড়বে না।

“দেশজুড়ে নতুন করে এ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নিশ্চিতভাবেই নেই।” আঞ্চলিক প্রতিটি কর্তৃপক্ষই করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করতে পারবে বলে জানান ইয়েন্স।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আস্থার সঙ্গেই শরৎ এবং শীত পাড়ি দিতে পারব।”

বৃদ্ধাশ্রমগুলোতে মানুষের যাওয়া আসার ওপরেও কোনও নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন পড়বে না।  

“আর দোকানগুলোতে তো আমরা সামাজিক দূরত্ব বিধি মেনে এবং মাস্ক পরেই ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারছি।”

এ দিকটি বিবেচনায় মানুষের স্বাস্থ্য সচেতন থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স। মানুষের হাত ধোয়া, মাস্ক পরার মতো নিয়মকানুনগুলো মেনে চলা উচিত এবং এ পদক্ষেপগুলোর দিকে নজর দেওয়াটাই এখন বেশি ভাল বলে মনে করেন তিনি।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল গত সপ্তাহেই সতর্ক করে দিয়ে বলেছেন, শীতে করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ফলে সংক্রমণ ঠেকাতে অন্তত এ বছরের শেষ নাগাদ বড় ধরনের কোনও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রাখাসহ উচ্চ-সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে জার্মানিতে ভ্রমণের ক্ষেত্রেও কড়া নিয়ম চালু রাখার ব্যাপারে তিনি আঞ্চলিক নেতাদের সাথে একমত হয়েছেন।