২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি ও পর্যটন শহর দুবাইয়ে দুটি রেস্তোঁরায় বিস্ফোরণের ঘটনায় ‍তিন জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2020, 07:18 PM

Updated : 08 Apr 2022, 01:17 AM

সোমবারের এ বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম।

আবু ধাবির ‘রশিদ বিন সাঈদ স্ট্রিটে’ ফাস্টফুডের দোকান কেএফসি অ্যান্ড হার্ডিস এ বিস্ফোরণে দুইজন নিহত হন। আবু ধাবি বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়ক এটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনীতিকদের নিয়ে সোমবারই ইসরায়েলের একটি উড়োজাহাজের আবু ধাবি বিমানবন্দরে অবতরণ করার কথা।

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল উদ্বোধন করতে এবং দুই দেশের মধ্যে আরো কিছু দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে মার্কিন ও ইসরায়েলের প্রতিনিধি দল আবু ধাবি যাচ্ছেন।

মিশর ও জর্ডানের পর সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশে যাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল।

আবু ধাবিতে বিস্ফোরণের ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেটি এবং তার আশেপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ‘‘একটি সিলিন্ডারে গ্যাস ভরার পর সেটির মুখ ঠিকমত বন্ধ না করায় এ বিস্ফোরণ হয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে বিস্ফোরণের ধাক্কায় রেস্তোরাঁর ভেতর মারাত্মক ক্ষয়ক্ষতি হতে এবং সেগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

অন্যদিকে, দুবাইতে সোমবার ভোরে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হন।