উইসকনসিনে বিক্ষোভে নিহতের ঘটনায় কিশোর গ্রেপ্তার
উইসকনসিনে পুলিশি নির্যাতন ও বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও একজনকে গুরুতর জখম করার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ বছর বয়সী কাইল রিটেনহাউজ জানিয়েছে, বিক্ষোভকারীদের কাছ থেকে ভবন রক্ষা করার লক্ষ্যেই ওই গুলি চালানো হয়েছিল।
ভবনগুলোর সুরক্ষা নিশ্চিত করাই ছিল আমার কাজ, সাংবাদিকদের বলেছেন এ কিশোর।
বুধবার ইলিনয়ের এন্টিওচে মায়ের বাড়ি থেকে কাইলকে গ্রেপ্তার করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবার বিক্ষোভের তৃতীয় রাতে ১৭ বছর বয়সী কাইলের গুলিতেই দুইজন নিহত ও একজন আহত হয়েছে বলে অভিযোগ কেনোশা পুলিশের।
রোববার পুলিশের গুলিতে ২৯ বছর বয়সী জেইকব ব্লেক আহত হওয়ার পর কেনোশা অশান্ত হয়ে ওঠে। টানা তিন রাতের সহিংস বিক্ষোভে অসংখ্য গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভবন ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতার মধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও লুটপাট হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
কাইল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভক্ত এবং পুলিশ ও বন্দুক বিষয়ে ব্যাপক আগ্রহী বলে তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ইঙ্গিত পাওয়া গেছে।
তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিক্ষোভের মধ্যে গুলিতে দুইজনের নিহত হওয়ার পর অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রাইফেল হাতে থাকা এক ব্যক্তিকে বিক্ষোভকারীদের ধাওয়া খেতে এবং কিছুক্ষণ পর মাটিতে পড়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিই পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে মনে করা হচ্ছে।
গুলিতে ৩৬ বছর বয়সী জোসেফ রোসেনবাম ও ২৬ বছর বয়সী অ্যান্থনি হুবারের মৃত্যু হয়। অপর গুলিবিদ্ধ ২৬ বছর বয়সী গাইগ গ্রসক্রুৎজের চিকিৎসা চলছে।
জেইকব ব্লেকের উপর পুলিশের গুলি চালানোর ঘটনার পর কেবল এক লাখ বাসিন্দা অধ্যুষিত কেনোশাতেই নয়, অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। কৃষ্ণাঙ্গ ব্যক্তির উপর পুলিশের গুলির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে অসংখ্য খেলাও বাতিল হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বুধবার উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল ব্লেককে গুলি করা পুলিশ সদস্যের নাম জানানোর পর পরিস্থিতি খানিকটা শান্ত হয়।
“গত রাত ছিল খুবই শান্তিপূর্ণ। আশা করছি, এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো,” বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এমনটাই বলেছেন কেনোশা কাউন্টি শেরিফ ডেভিড বেথ।
এদিন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এক বিবৃতিতে কেনোশার পুলিশ প্রধান ও কাউন্টি শেরিফের পদত্যাগ দাবি করেছে।
পুলিশ ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মদদ দিচ্ছে’ বলেও অভিযোগ করেছে তারা।
