এশিয়ায় মার্কিন বাহিনী থাকা দরকার: ফিলিপিন্স
ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বৈরিতা বাড়তে থাকায় এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি থাকা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে বেইজিংয়ের সশস্ত্র বাহিনীর আগ্রাসী পদক্ষেপ এবং বিশেষত, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে বিরোধ বাড়ছে।
বুধবার ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী টিওডোরো লক্সিন এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা ক্ষমতার ভারসাম্য রক্ষার পরিস্থিতিতে আছি। আমাদের এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি প্রয়োজন।”
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই দক্ষিণ চীন সাগর অঞ্চল নিয়ে চীনের দাবির বিরোধিতা করে আসছে এবং নিয়মিতই সেখানে রণতরী পাঠাচ্ছে। ওই অঞ্চলে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত মাসে তাদের অবস্থান আরো কঠোর করেছে। যার নিন্দা করেছে চীন।
পররাষ্ট্রমন্ত্রী লক্সিন বলেন, ফিলিপিন্সের স্বার্থেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখতে হবে। ফিলিপিন্স দীর্ঘদিনের এই মিত্র দেশটির সঙ্গে কখনও সহযোহিতা করা বন্ধ করেনি বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
গত জুনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দশক পুরোনো সেনা মোতায়েন চুক্তি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এ চুক্তির আওতায় ফিলিপিন্স জঙ্গি হামলা এবং সাগরঞ্চলে কোনওরকম হুমকি ঠেকানোর দক্ষতা অর্জনসহ বার্ষিক প্রশিক্ষণ মহড়া সহায়তা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটো বড় সেনাঘাঁটিও ফিলিপিন্সে ছিল। ১৯৯২ সালে এ ঘাঁটি বন্ধ হয়ে যায়। তবে ২০০০ সালে আবার দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পারষ্পরিক সফর এবং কমিউনিস্ট ও জঙ্গিদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য-সহযোহিতার মধ্য দিয়ে।
দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকায় চীনের উস্কানিমূলক কর্মতৎপরতার বিরুদ্ধে ফিলিপিন্স কয়েকবার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তাছাড়া, সাগরটির বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত দুটো দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে ফিলিপিন্স কয়েকবার কূটনৈতিক বিরোধেও জড়িয়েছে।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে খনিজসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর সাগরটির বিস্তীর্ণ এলাকায় চীনের পাশাপাশি ফিলিপিন্স, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়ারও দাবি রয়েছে।
