কোভিড-১৯: গাজায় একজনের মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে সীমান্তে কোয়ারেন্টিন সেন্টারে এক নারীর মৃত্যু হলেও সাধারণ বাসিন্দাদের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুর প্রথম ঘটনা এটি।
বুধবার ফিলিস্তিন কর্তৃপক্ষ ৬১ বছরের ওই ব্যক্তির মৃত্যুর খবর জানায়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সেখানে আরও নয় জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে মাগাজি শরণার্থী ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে। এই ক্যাম্পেই সোমবার প্রথম চারজন রোগী শনাক্ত হয়। ওইদিন রাতেই গাজায় পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।
ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাস গাজার নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তার খাতিরে মিশর এবং ইসরায়েল তাদের গাজা সীমান্তে অত্যন্ত কড়াকড়ি ব্যবস্থা আরোপ করে রাখে। ফলে গাজা বাকি বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন।
এ বছরের শুরুতে করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া শুরু করলে হামাস কর্তৃপক্ষ বাইরে থেকে গাজা প্রবেশের ক্ষেত্রে সীমান্তে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করে। সেখানে সোমবার পর্যন্ত ১১০ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। গত মার্চে কোয়ারেন্টিন সেন্টারে এ রোগে আক্রান্ত হয়ে এক নারী মারা যান।
কিন্তু ২০ লাখ বাসিন্দার ভূমি গাজায় সোমবারের আগে কোনো রোগী শনাক্ত হয়নি।
বুধবার শনাক্ত রোগীদের বাকি তিনজন গাজার উত্তরাঞ্চলে বাস করেন। যার অর্থ, মাগাজি শরণার্থী ক্যাম্পের বাইরেই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
যদিও সংক্রমণের গতি এখনও অনেকটাই ধীর। কিন্তু দারিদ্র্য, চিকিৎসা সেবার অপ্রতুলতা ও ঘনবসতিপূর্ণ গাজায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে যেখানকার বাসিন্দাদের উপর যে দুর্ভোগ নেমে আসবে তা নিয়ে এখনই উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এবং আন্তর্জাতিক নানা স্বাস্থ্য সংগঠন।
হামাস কর্তৃপক্ষ লকডাউনে জনগণকে সবসময় ঘরের ভেতর অবস্থান করতে বলেছে। খুব জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
গাজার প্রায় অর্ধেক মানুষ ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) সহায়তায় জীবন ধারণ করে।
ইএএনআরডব্লিউএ কর্তৃপক্ষ জানায়, তারা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সহায়তা অব্যাহত রাখতে বিকল্প পরিকল্পনা খুঁজছেন। যাতে তাদের উপকারভোগীরা দীর্ঘ সময় লকডাউনে থাকতে পারেন।
গাজায় ইএএনআরডব্লিউএ-র মুখপাত্র আদনান আবু হাসনা বলেন, তাদের ক্লিনিক এখনও খোলা আছে।
‘‘কিন্তু সেখানে এখন স্বশরীরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। বরং টেলিফোনে রোগীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তেমন প্রয়োজনে রোগীর বাড়িতে ওষুধ পাঠিয়ে দেওয়া হচ্ছে।”
মূলত গাজা থেকে পশ্চিম তীরে যাওয়া এক নারীর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসলে মাগাজি শরণার্থী ক্যাম্পে থাকা তার পরিবারের বাকি সদস্যদের পরীক্ষা করে তাদের চারজনের ফল ‘পজিটিভ’ পাওয়া যায়।
