২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: প্রথম রোগী শনাক্তের পর গাজায় লকডাউন

গাজায় একটি শরণার্থী শিবিরে একই পরিবারের চার সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2020, 08:42 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

উপত্যকার বাসিন্দাদের মধ্যে প্রথম এ রোগ শনাক্তের পর সোমবার রাত থেকে সেখানে অন্তত ৪৮ ঘণ্টার লকডাউন জারি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত এ চারজনও শনাক্ত না হয়েই থেকে যেতেন। যদি তাদের পরিবারের এক নারী পশ্চিম তীর না যেতেন। ওই নারী পশ্চিম তীর যাওয়ার পর ভাইরাস পরীক্ষায় তার ফল ‘পজিটিভ’ আসে।

উপত্যকার সাধারণ বাসিন্দাদের মধ্যে রোগী শনাক্ত হওয়ার পর সোমবার রাত থেকেই গাজায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়। লোকজন হুড়োহুড়ি করে জরুরি নিত্যপণ্য কিনছেন। যদিও অল্প কিছু দোকানই খোলা আছে।

গাজার ভেতরে এতদিন রোগী পাওয়া না গেলেও সীমান্তে কোয়ারেন্টিনের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে এখন পর্যন্ত ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন একজন। মিশর ও ইসরায়েল ভ্রমণ করে গাজায় গেলে অবশ্যই সীমান্তে কোয়ারেন্টিনে থাকতে হয়।

চীনের উহানে প্রাদুর্ভাবের পর এ বছরের শুরু থেকে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত দুই কোটি ৩৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ১৩ হাজার ৫৫৪ জন।

কিন্তু ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ভাইরাসটি এখনও সেভাবে ছড়াতে পারেনি। নিরাপত্তার খাতিরে মিশর এবং ইসরায়েল উভয় দেশই গাজার সঙ্গে তাদের সীমান্তে মারাত্মক কড়াকড়ি আরোপ করে রাখে। ফলে বিশ্ব থেকে গাজা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গাজায় প্রায় ২০ লাখ মানুষের বাস, দারিদ্র্য যাদের নিত্যসঙ্গী। শরণার্থী শিবিরগুলোতে মানুষ গাদাগাদি করে বাস করে। সেখানে হাতেগোনা কয়েকটি হাসপাতালে অল্প সংখ্যা শয্যা আছে। ভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটলে তাদের পক্ষে কোনওভাবেই রোগী সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘দ্য গাজা’ প্রকল্পের পরিচালক আব্দেলনাসের সবহ।

গত মাসে তিনি বলেছিলেন, এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তাতে একবারে বড় জোর পাঁচশ করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব। গাজার হাসপাতালগুলোতে প্রায়ই ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম থাকে না।

খালেদ সামি নামের স্থানীয় একজন বলেন, ‘‘যদি আমাদের কেউ সংক্রমিত হয় তবে কী হবে? আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইসরায়েল, পশ্চিম তীর বা মিশরে পাঠানো হত। কিন্তু এখনও তো সব বন্ধ এবং কে-ই বা করোনাভাইরাস আক্রান্ত কারও জন্য সীমান্তের ফটক খুলতে যাবে?”

আবু আহমেদ নামে আরেক বাসিন্দা বলেন, ‘‘আশা করি পুরো বিশ্ব এখন অন্তত গাজার সাহায্যে এগিয়ে আসবে। আমরা নিজেরা এ সংকটের সমাধান করতে পারব না।”