‘ভাইরাসের চেয়ে স্কুলে না যাওয়া শিশুদের জন্য বেশি ক্ষতিকর’
শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হলে যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে স্কুলে না গেলে। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি এমনটাই মনে করেন।
তিনি বলেন, ‘‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শিশুদের মারা যাওয়ার আশঙ্কা অবিশ্বাস্য রকম কম। কিন্তু স্কুলে না যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে তারা শরীরিক ও মানসিক ক্ষতির শিকার হবে।”
করোনাভাইরাস মহামারীতে ইউরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি যুক্তরাজ্য। সেখানে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৭ হাজার জন।
ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য দেশের মত সেখানেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের লাখ লাখ শিশু সেপ্টেম্বরে স্কুলে ফেরার অপেক্ষায় আছে।
অধ্যাপক হুইটি বলেন, আরও অন্তত নয় মাস আমাদেরকে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, ‘‘সম্ভবত ২০২০ সালের মধ্যে কোনও টিকা পাওয়া যাবে না। যদিও আগামী শীতের আগে (২০২১-২২) একটি কার্যকর টিকা পাওয়ার জোর সম্ভাবনা আছে।”
বিবিসি জানায়, ইংল্যান্ডে সেপ্টেম্বর থেকে সব বয়সের, সব বর্ষের এবং সব গ্রুপের শিক্ষার্থীদের ‘ফুল-টাইম’ ক্লাস শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডে এরই মধ্যে স্কুল খুলে গেছে।
চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক হুইটি বলেন, ‘‘অনেক শিশু স্কুলে যাওয়ার চেয়ে স্কুলে না যাওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে।”
‘‘এছাড়া যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই এখন একটি বিষয় স্পষ্ট। তা হল, শিশুরা কোভিড-১৯ এ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হচ্ছে না বা তাদের খুব একটা হাসপাতালে যেতে হচ্ছে না।”
যেহেতু কোভিড-১৯ এর কোনো কার্যকর টিকা এখনও হাতে পাওয়া যায়নি তাই এখন পর্যন্ত ‘ঝুঁকি মুক্ত কোনো পথ’ নেই। যুক্তরাজ্যের চিকিৎসা কর্মকর্তারা তাই অভিভাবক ও শিক্ষকদের স্কুল খোলার ঝুঁকি এবং লাভ উভয়ের গুরুত্ব বোঝার পরামর্শ দিয়েছেন।
অভিভাবকদের জন্য কী বার্তা?
নানা গবেষণায় দেখা গেছে, দিনের পর দিন স্কুলে না যাওয়ায় শিশুদের দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগার ঝুঁকি অনেক বেশি।
অধ্যাপক হুইটি বলেন, ‘‘সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যে কয়টি শিশু মারা গেছে তাদের প্রায় সবাই আগে থেকে কোনও না কোনও জটিল রোগে ভুগছিল।”
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে মার্চ থেকে জুন পর্যন্ত ১৯ বছরের কম বয়সের ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে। ২০ বা তার অধিক বয়সে মোট মৃত্যু ৪৬,৭২৫।
ইংল্যান্ডে ১০ লাখের বেশি শিশু জুন মাস থেকে প্রি-স্কুল বা স্কুলে যাচ্ছে। এখন পর্যন্ত ৭০টি শিশু এবং ১২৮ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৩০ জায়গায় স্কুলের কর্মীদের মাধ্যমে শিক্ষার্থী বা অন্য কর্মীরা আক্রান্ত হয়েছেন। মাত্র দুই জায়গায় শিক্ষার্থীর মাধ্যমে স্কুলে অন্যরা আক্রান্ত হন।
রোববার প্রকাশিত পাবলিক হেল্থ ইংল্যান্ডের (পিএইচই) নতুন এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
ভাইরাসের ঝুঁকি নিয়ে সব প্রধান চিকিৎসা কর্মকর্তার পক্ষ থেকে কথা বলেছেন অধ্যাপক হুইটি। নিজস্ব দৃষ্টিকোণ থেকে সামনের দিনগুলোতে ভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কাও সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তিনি।
শিশুরা স্কুলে যেতে শুরু করলে আরও বেশি অভিভাবক কাজে ফিরতে শুরু করবেন। সেক্ষেত্রে ভাইরাস বিস্তারের ঝুঁকিও বাড়বে। এ প্রসঙ্গে হুইটি বলেন, ‘‘আসছে শরৎ ও শীতে ভাইরাস সংক্রমণ আবারও বাড়বে। বিষয়টা জনগণের মেনে নেওয়া উচিত।”
তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণ বাড়লে তা বৃদ্ধ এবং অন্যান্য বয়সের আরও মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে। হুইটির মতে, অন্তত আরও ৯ মাস মানুষকে এই গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
শিশুরা কী বাড়ির বয়োজ্যেষ্ঠদের আক্রান্ত করবে?
এ প্রসঙ্গে হুইটি বলেন, ‘‘এখনও দেখা যাচ্ছে বাড়ির বড়দের চাইতে শিশুরা বয়োজ্যেষ্ঠদের কম আক্রান্ত করছে।”
‘‘বরং স্কুল খুললে অভিভাবকরা স্কুলের ফটকে দেখাসাক্ষাৎ করবে, অথবা হয়ত একজন আরেকজনের বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করবে। তার অর্থ, সরাসরি না হলেও স্কুল খোলার কারণে সংক্রমণ কিছুটা বাড়বে।”
স্কুলের কর্মীরা কী ঝুঁকিতে পড়বেন?
অধ্যাপক হুইটি বলেন, ‘‘সম্ভবত শিক্ষার্থীদের থেকে কর্মীদের ভাইরাস সংক্রমিত হওয়ার চাইতে কর্মীদের থেকে অন্য কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।
‘‘বেশিরভাগ কাজের জায়গায় দেখা গেছে কর্মীরাই নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রেখে ভাইরাস ছড়িয়েছেন। তাই আমরা সবচেয়ে ভাল ব্যবস্থা গ্রহণ করলেও সংক্রমণ শূন্যে নামিয়ে আনতে পারব না। এটি এখন খুবই পরিষ্কার এবং আমরা এ নিয়ে কোনো রাখঢাক করতে চাই না।”
স্কুল কী ঝুঁকি মুক্ত?
স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে এবং পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে যে কোনো জায়গায় সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু ঝুঁকি একেবারে শূন্যে নামিয়ে আনা কখনওই সম্ভব না বলে মনে করেন হুইটি।
যুক্তরাজ্যের টিচারস ইউনিয়ন মনে করে, স্কুলগুলো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তবেই খোলা উচিত। স্কুলের সব স্টাফ এবং শিক্ষার্থীদের সুরক্ষায় নিরাপদে কাজ করার ব্যবস্থা থাকা উচিত।
আর স্কুল খোলার পর তা পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা থাকার বিষয়টিও নিশ্চিত করা উচিত।
