নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারীর সাজা ঘোষণা শিগগিরই
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গতবছর হামলা চালানো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের সাজা ঘোষণা করতে চলেছে আদালত।
আগামী সোমবার (২৪ অগাস্ট) শুনানির পর তার সাজা ঘোষণা করা হবে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ট্যারেন্ট গত মার্চে তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছিল।
আদালতের শুনানিতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বেঁচে যাওয়া ৬৬ জনের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছেন হাই কোর্টের এক বিচারক। আদালতে হাজির করা হতে পারে ব্রেন্টন ট্যারেন্টকেও। সাজা ঘোষণার আগে তাকে কথা বলতে দেওয়া হবে।
২০১৯ সালের ১৫ মার্চ হামলাকারীর ট্যারেন্টের লক্ষ্য ছিল নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদ আল নুর এবং লিনউড। তার তাণ্ডবে নিহত হয় ৫১ জন।
এ হামলার ঘটনা বিশ্বকে নাড়া দিয়েছিল। নিউ জিল্যান্ডে এ হামলার পর আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে অনলাইনে ঘৃণা-বিদ্বেষমূলক বার্তার বিরুদ্ধে প্রচার শুরু হয়।
হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ১৭ বছরের জন্য প্যারোলে মুক্তির সুযোগ না রেখে তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হতে পারে কিংবা মুক্তির কোনও সুযোগ না রেখেও কারাদণ্ড দেওয়া হতে পারে।
সেক্ষেত্রেও ট্যারেন্টকে আজীবন কারাগারে থাকতে হবে। এ যাবতকালে নিউ জিল্যান্ডে এ ধরনের সাজা কাউকে দেওয়া হয়নি।
