২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনার মধ্যে আমিরাতের জাহাজ আটক করেছে ইরান

ইসরায়েলর সঙ্গে শান্তিচুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2020, 08:27 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

জলসীমা লঙ্ঘন করায় জাহাজটি আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

এ জাহাজ আটক করার দিনই আমিরাতের উপকূলরক্ষীরা দুইজন ইরানি জেলেকে হত্যা করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে ।

গত সপ্তাহে ইরানের ঘোর শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এ চুক্তি নিয়ে ইরানের কঠোর সমালোচনার জবাবে আমিরাতের কড়া প্রতিক্রিয়ায় দু’দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে।

এর মধ্যেই জাহাজ আটকের ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানিয়েছে, আমিরাতের জাহাজ সোমবার জব্দ করেছে ইরানের উপকূলরক্ষীরা। অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশের কারণে জাহাজটির ক্রুদেরও আটক করে রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একইদিন আমিরাতের উপকূলরক্ষীরাও ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে তাদের নৌকা জব্দ করেছে। পরে এ ঘটনার জন্য আমিরাত ক্ষমা চেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনার ব্যাপারে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য জানতে যোগাযোগ করলে তারা কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, আমিরাত ইরানি নৌকা আটকের পর তেহরান ইরানে নিযুক্ত আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে নৌকা এবং জেলেদের ছেড়ে দেওয়ার দাবি জানায়।

ইরানের এ পদক্ষেপের পরই আমিরাত কর্তৃপক্ষ… বুধবার এক চিঠিতে ওই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত বলে জানায়।

ইরানি নৌকা এবং নাবিকেরা মুক্তি পেয়েছে। তবে নিহত দুই জেলের লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া এখনও চলছে বলে জানানো হয়েছে ইরানের বিবৃতিতে।

ওদিকে, আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম বলছে, সোমবার জলসীমা লঙ্ঘন করায় আটটি মাছ ধরা নৌকাকে থামানোর চেষ্টা করে আমিরাতের উপকূলরক্ষীরা। তবে এ ঘটনায় কোনও জাহাজ জব্দ করা বা কোনও হতাহতের ঘটনা ঘটার খবর জানায়নি তারা।

মাছ ধরা নৌকা নিয়ে এমন ঘটনা ইরান এবং আরব উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রায়ই ঘটে থাকলেও ইরান তাদের নাগরিক কিংবা স্বার্থসংশ্লিষ্ট কোনও কিছুতে বাইরের কোনওরকম আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, “পারস্য উপসাগরে ইরান তাদের জাহাজ এবং নাগরিকদের রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”