জার্মানি-স্পেন-ইতালিতে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ভাইরাস সংক্রমণ
ইউরোপের দেশগুলোতে হঠাৎ বেড়েছে করোনাভাইরাস সংক্রমণ। এর মধ্যে দুই-তিন মাসের মধ্যে দৈনিক সর্বোচ্চ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে জার্মানি, স্পেন এবং ইতালিতে।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১,৭০৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৬ এপ্রিলের পর একদিনে এটিই দেশটিতে সর্বাধিক ভাইরাস সংক্রমণ।
বিদেশ ফেরতদের কারণে এবং সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি ঠিকমত না মানায় জার্মানিতে সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছে খবরে।
ওদিকে, স্পেনে বুধবার একদিনে নতুন ৩,৭১৫ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। জার্মানির মতো স্পেনেও এপ্রিলের পর ভাইরাস সংক্রমণের হার এটিই সর্বোচ্চ।
স্পেনের এল পাইস পত্রিকা জানিয়েছে, নতুন আক্রান্তদের বেশিরভাগই সংক্রমিত হয়েছে বয়স্কদের আবাসিক স্থলগুলোতে।
স্পেনে মহামারীর শুরুর দিকে বৃদ্ধনিবাসগুলোতেই মৃতের সংখ্যা বেশি দেখা গিয়েছিল। বুধবার ২৪ ঘন্টায় স্পেনে নতুন করে আরও ১২৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ইতালিতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ একলাফে অনেক বেড়ে গেছে। দেশটিতে একদিনে নতুন ৬৪২ জন রোগী শনাক্ত হয়েছে।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের এই হার তত বেশি না হলেও গত মে মাসের পর ইতালিতে একদিনে এত বেশি সংক্রমণ এর আগে দেখা যায়নি।
ফ্রান্সেও সম্প্রতি রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নিস শহরে নতুন ৩ হাজার ৭৭৬ জন রোগী শনাক্ত হয়েছে এবং গুচ্ছ সংক্রমণ ধরা পড়েছে ৩৯৯ টি। সংক্রমণ রোধে বাইরে সব জায়গাতেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জার্মানিতে এ পর্যন্ত ভাইরাস শনাক্ত হয়েছে ২৩০,১৮৫ জন এবং মারা গেছে ৯,২৫৮ জন। ইতালিতে শনাক্তের সংখ্যা ২৫৫, ২৭৮ জন এবং মারা গেছে ৩৫, ৪১২ জন।
স্পেনে শনাক্ত হয়েছে ৩৭০,৮৬৭ জন এবং মারা গেছে ২৮, ৭৯৭ জন। আর ফ্রান্সে শনাক্তের সংখ্যা ২৫৬, ৫৩৪ এবং মারা গেছে ৩০, ৪৩৪ জন।
