২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে গাড়ির ধাক্কায় আহত ৩, সন্ত্রাসী হামলা ধরে তদন্ত শুরু

জার্মানির রাজধানী বার্লিনে বেপরোয়া গাড়ি চালিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার একটি ঘটনাকে ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ ধরে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 07:53 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার একটু আগে রাজধানীর এ১০০ মোটরওয়ের এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

বেপরোয়া গাড়ি চালিয়ে কয়েকটি ‍গাড়িকে ধাক্কা দেওয়ার পর একটি গাড়ির ৩০ বছর বয়সী এক ইরাকি চালক তার কাছে এক ‘বাক্স বিস্ফোরক’ আছে বলে চিৎকার করছিলেন, দাবি প্রত্যক্ষদর্শীদের।

পরে গাড়ি তল্লাশি করে ভেতর কিছুই পায়নি পুলিশ।

বার্লিনের কেন্দ্রস্থলের কাছে ওই সড়কে তিনটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। বলা হচ্ছে, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে।  

এ ঘটনায় এক মোটরসাইকেল চালকের মোটরবাইক আরেকটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে। ওই মোটরসাইকেল চালকের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। ওই গাড়িটির তিন আরোহীও আহত হয়েছেন।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, হয় রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ থেকে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। তবে তার মনরোগ থাকার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে।

বুধবার বার্লিন প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা এটিকে সাধারণ সড়ক দুর্ঘটনা বলতে পারছি না। সর্বশেষ ইঙ্গিতগুলোতে ইসলামপন্থা-প্রভাবিত হামলার আলামত পাওয়া যাচ্ছে।”

টাগেসপিগেল ওয়েবসাইট কয়েকজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনার পর ওই ব্যক্তি একটি ধাতব বাক্স বের করে রাস্তার উপর রাখে, তারপর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার দেয় এবং বলে, “কেউ কাছে এসো না, তাহলে মরবে।”

জার্মান সংবাদ মাধ্যমে ওই ব্যক্তির নাম ‘জামরাদ এ’ বলে জানানো হয়েছে। এই সন্দেহভাজন একটি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন এবং সেখানেই তিনি ‘চরমপন্থায়’ দীক্ষিত হয়ে থাকতে পারেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার তিনটি অভিযোগ দায়ের করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।