২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া: কোয়ারেন্টিন হোটেল থেকে ‘ছড়াল’ কোভিড-১৯ সংক্রমণ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বর্তমান প্রায় সব কোভিড-১৯ সংক্রমণের ঘটনার সঙ্গে ফিরে আসার পর কোয়ারেন্টিনে থাকা ভ্রমণকারীদের সম্পর্ক থাকতে পারে বলে তদন্তকারীরা খবর পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2020, 01:40 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

প্রশিক্ষণের সময় কোয়ারেন্টিন হোটেলগুলোর রক্ষীদের ‘যথাযথ’ নয় এমন পরামর্শও দেওয়া হয়েছে বলে জেনেছেন তারা, জানিয়েছে বিবিসি।

দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে পারলে তাদের মাস্ক ও অন্যান্য সুরক্ষারও আর প্রয়োজন হবে না, প্রশিক্ষণে রক্ষীদের এমনটি বলা হয়েছিল বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভিক্টোরিয়া এখন লকডাউনে আছে। ২ অগাস্ট থেকে রাজ্যটির রাজধানী মেলবোর্নে ছয় সপ্তাহের জন্য ‘চতুর্থ ধাপের’ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার ভিক্টোরিয়ায় ২৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং ২৫ জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে রাজ্যটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।

মার্চের শেষ দিকে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে ফেরা সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং রাজ্যগুলোকে নিজ নিজ দায়িত্বে এ কর্মসূচী পরিচালনা করতে হবে বলে নির্দেশ দিয়েছিল।

মেলবোর্নভিত্তিক সংক্রামক রোগ কেন্দ্র ডোয়ার্টি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক বেন হাউডেন ভিক্টোরিয়ার হোটেলের কোয়ারেন্টিন পদ্ধতি নিয়ে তদন্তরত কর্মকর্তাদের বলেছেন, জিনোম সিকুয়েন্সিংয়ের তথ্যে ধারণা পাওয়া যাচ্ছে যে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত অন্তত ৯৯ শতাংশ ঘটনা সেইসব লোকদের সন্ধান দিতে পারে যারা বিদেশ ভ্রমণ শেষে ফিরে এসেছেন।

তবে এই কর্মসূচীতে থাকা লোকজন বা বিশেষ হোটেলগুলিকে এসব ঘটনার সঙ্গে সুনির্দিষ্টভাবে সম্পর্কিত করেননি তিনি।

তিনি জানিয়েছেন, সিকুয়েন্সিংয়ে ২৩ জুলাই পর্যন্ত রাজ্যটিতে ৪৬ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে বলে দেখা গেছে।

ব্যারিস্টার টনি নিল কিউসি জানিয়েছেন, কর্মসূচীটি কীভাবে সাজানো হয়েছিল, এটি পরিচালনার জন্য চূড়ান্তভাবে কার ওপর দায় বর্তায় এবং ভবিষ্যৎ কোয়ারেন্টিন কর্মসূচী ক্ষেত্রে কী কী উন্নয়ন ঘটাতে হবে তা নির্ধারণ করাই তদন্তটির লক্ষ্য হবে।

এই কোয়ারেন্টিন কর্মসূচী কোভিড-১৯ বিস্তার রোধ ‘লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে’ এবং কোয়ারেন্টিনে থাকা কিছু লোকের জন্য ‘এই কর্মসূচীর সামগ্রিক দায়িত্বে কে ছিল তা পরিষ্কার হচ্ছে না’ বলে জানিয়েছেন তিনি।