২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্থানীয় রাজনৈতিক সংকট সামাল দেওয়া নিয়ে দক্ষিণপূর্বের খাবারোভস্ক নগরীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jul 2020, 08:42 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এ নগরীর জনগণ পুতিন সরকারের উপর ক্ষেপে আছে। কারণ, কয়েকদিন আগে ওই অঞ্চলের জনপ্রিয় গভর্নর সার্গেই ফুরগালকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তখন থেকেই বিক্ষোভ শুরু হয়েছে।

গত দু’সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে শনিবার বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রায় সাড়ে ছয় হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বিক্ষোভকারীর সংখ্যা ২০ ‍হাজার ছিল বলে জানানো হয়েছে। আর অন্যান্য সংবাদমাধ্যম ও বিরোধীদলগুলোর দাবি, ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

গভর্নর ফুরগাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। গভর্নরের সমর্থকদের দাবি, খুনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার বিক্ষোভকারীরা ‘পুতিনের পদত্যাগ চাই’ এবং ‘পুতিন একজন চোর’ বলে স্লোগান দেয় এবং ফুরগালকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

ভিক্টোরিয়া নামে স্থানীয় এক নারী ব্যবসায়ী বলেন, ‘‘আমাদের কাছে আমাদের ফুরগালকে ফিরিয়ে দিন। তিনি আমাদের পছন্দ।”

ন্যাশনালিস্ট এলডিপিআর পার্টির সদস্য ফুরগাল ২০১৮ সালে পুতিনপন্থি ‘ইউনাইটেড রাশিয়া’ পার্টির এক প্রার্থীকে হারিয়ে খাবারোভস্কর গভর্নর নির্বাচিত হয়েছিলেন। এ কারণেই তাকে নিষ্ঠুরভাবে সাজা দেওয়া হচ্ছে বলে মনে করেন ‍তার সমর্থকরা।

অন্যদিকে, ক্রেমলিন বলছে, ফুরগালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। যার ব্যাখ্যা তাকে দিতে হবে। ফুরগাল ২০০৪ এবং ২০০৫ সালে কয়েকজন ব্যবসায়ীকে খুনে জড়িত বলে সন্দেহ কর্তৃপক্ষের।

ফুরগালের স্থানে এরইমধ্যে ভারপ্রাপ্ত গভর্নরের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। যাকে মোটেও পছন্দ হয়নি বিক্ষোভকারীদের। তারা বলেন, ‘‘মিখাইল দিগতিয়ারভকে নিয়োগ দেওয়ায় আমরা অপমানিত বোধ করছি। এই অঞ্চলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।”