মালয়েশিয়া উপকূলে ২৪ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা
নৌকায় করে মালয়েশিয়ার লংকাউই দ্বীপের কাছে যাওয়ার পর সাঁতরে তীরে ওঠার চেষ্টা করা ২৪ রোহিঙ্গা শরণার্থী ডুবে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ শরণার্থীদের খোঁজে রোববার মালয়েশিয়া কর্তৃপক্ষ উদ্ধার অভিযানও শুরু করেছে। যে নৌকায় করে ২৫ রোহিঙ্গা লংকাউইর কাছাকাছি পৌঁছেছিল, সেটির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
মালয়েশিয়ার কোস্ট গার্ড বলেছে, শনিবার রাতে লংকাউই দ্বীপের পশ্চিম উপকূলে নৌকা নিয়ে আসা ২৫ রোহিঙ্গা শরণার্থী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত একজন গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
রোববার দুটি নৌকা ও একটি উড়োজাহাজে করে উদ্ধারকর্মীরা লংকাউই থেকে ১০০ নটিকাল মাইল এলাকা পর্যন্ত বাকিদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার
মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) প্রাদেশিক পরিচালক মো. জাওয়াউই আবদুল্লাহ।
“আমরা অন্যান্য উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় জেলে সম্প্রদায়ের সঙ্গে তথ্য বিনিময় করছি; থাইল্যান্ডের কর্তৃপক্ষকেও সহযোগিতার জন্য বলেছি,” বিবৃতিতে বলেছেন জাওয়াউই।
সাঁতরে তীরে ওঠা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানিয়েছে রয়টার্স।
গত মাসেও লংকাউইতে পৌঁছানোর পর ২৬৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছিল।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অভিযানের পর থেকে উন্নত জীবনের আশায় অনেক রোহিঙ্গার কাছেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া পছন্দের গন্তব্য হয়ে ওঠে।
ওদিকে, করোনাভাইরাস মহামারীর কারণে বিপর্যস্ত অর্থনীতির দিকে ইঙ্গিত করে জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন তার দেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না বলে মন্তব্য করেছিলেন।
