২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র শরণার্থীদের জন্য ‘নিরাপদ দেশ নয়’

যুক্তরাষ্ট্র শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘন করায় তাদের সঙ্গে কানাডার শরণার্থী বিষয়ক চুক্তি অকার্যকর হয়ে গেছে বলে রায় দিয়েছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 05:28 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

২০০৪ সাল থেকে বহাল থাকা সেইফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট (এসটিসিএ) অনুযায়ী, শরণার্থী দাবিদাররা প্রথম যে নিরাপদ দেশে তারা পৌঁছাবেন সেখানে সুরক্ষার অনুরোধ জানাতে পারবেন।

কিন্তু যুক্তরাষ্ট্র শরণার্থীদের বন্দি করতে পারে এমন সম্ভাবনা থাকার কারণে বুধবার কানাডার ফেডারেল আদালতের বিচারক অ্যান ম্যারি ম্যাকডোনাল্ড এই চুক্তিকে সংবিধানবিরোধী বলে ঘোষণা দিয়েছেন।

এই রায় কানাডার অভিবাসন আন্দোলনকারীদের জন্য বড় ধরনের একটি জয় বলে জানিয়েছে বিবিসি।

কানাডার সীমান্ত থেকে যেসব শরণার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের আইনজীবীরা চুক্তিটির বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। তাদের যুক্তি, শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র আর ‘নিরাপদ’ নয়।

শরণার্থীদের একজন নেদিরা জেমাল মুস্তেফাকে যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য করা হয়েছিল। রায়ে দেওয়া বর্ণনা অনুযায়ী আদালতকে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্জন কারাবাসে তার সময়গুলো ছিল ‘আতঙ্কজনক, বিচ্ছিন্ন ও মানসিকভাবে আঘাত পাওয়ার মতো অভিজ্ঞতা’।

“যুক্তরাষ্ট্র শরণার্থীদের সঙ্গে যে আচরণ করে তার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেন কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব রিফিউজি লইয়ার্সের সভাপতি মরিন সিলকফ।

কানাডার পার্লামেন্ট ও যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে সাড়া দেওয়ার জন্য সময় দিতে রায় ঘোষণা ছয় মাস পিছিয়ে দিয়েছিলেন বিচারক অ্যান। এ রায়ের বিরুদ্ধে আপিলও করা যাবে।

এই রায়ের বিষয়ে তখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

কানাডার জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা ‘ফেডারেল আদালতের রায়ে বিষয়ে অবগত আছেন এবং সেটি পর্যালোচনা করে দেখছেন’।

আট হাজার ৮৯১ কিলোমিটার বিস্তৃত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বিশ্বের দুটি দেশের মধ্যে থাকা সবচেয়ে দীর্ঘ সীমান্ত।