২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে করোনাভাইরাসের শিকার প্রায় ‘এক-চতুর্থাংশ মানুষ’

ভারতের রাজধানী দিল্লিতে প্রায় প্রতি চারজনে একজন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। দৈবচয়ন পদ্ধতিতে মানুষের রক্তের নমুনার অ্যান্টিবডি পরীক্ষার ফলে বেরিয়ে এসেছে এমন তথ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 08:43 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

রাজধানীর করোনাভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত সরকারের চালানো এক জরিপে এই নমুনা পরীক্ষা করা হয়।

জরিপে অংশ নেওয়া ২১ ‍হাজার ৩৮৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করে তাদের ২৩ দশমিক ৪৮ শতাংশের দেহে কোভিড-১৯ ‘অ্যান্টিবডি পজিটিভ’ পাওয়া গেছে। অর্থাৎ, তারা কোনো না কোন সময় এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

জরিপের এই ফল দেখে ধারণা করা হচ্ছে, দিল্লিতে সরকারি হিসাবে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের যে তালিকা দেওয়া হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত দেশের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ভারত। মঙ্গলবার পর্যন্ত সেখানে মোট শনাক্ত সাড়ে ১১ লাখের বেশি, মারা গেছে ২৮ হাজারের বেশি মানুষ। ভারতের চেয়ে ওপরে আছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত এক লাখ ২৩ ‍হাজার ৭৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। যা সেখানকার মোট বাসিন্দার (প্রায় দুই কোটি) ১ শতাংশেরও কম।

কিন্তু সংক্রমণের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ হারে হিসাব করা হলে ধরে নেওয়া যায়, দিল্লিতে এরই মধ্যে ৪৬ লাখ ৫০ হাজার মানুষ করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন।

জরিপের ফল পাওয়ার পর সরকারি এক প্রেস রিলিজে বলা হয়েছে, ‘সংক্রমিতদের একটি বড় অংশই উপসর্গহীন’। তাছাড়া, ২৩ দশমিক ৪৮ শতাংশ আক্রান্তের এ পরিসংখ্যান প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কমও হতে পারে। কারণ, দিল্লিতে ঘনবসতিপূর্ণ বেশ কিছু এলাকা আছে।

ভারতে এই প্রথম এ ধরনের পরীক্ষা চালানো হলো বলে জানায় বিবিসি। এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবেই এটা ভাইরাসের বিস্তার ও তার গতিপ্রকৃতি আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত নাগরীর অন্যতম দিল্লি। সেখানে জুনের প্রথম দুই সপ্তাহতেই হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে যায়। দেখা দেয় শয্যা ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।

তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দৈনিক শনাক্তের সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। সেখানে গত দুই সপ্তাহ গড়ে ১২শ’ থেকে ১৬শ’ নতুন রোগী শনাক্ত হচ্ছে। জুন মাসে যে সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।