যুক্তরাষ্ট্রে র্যাপার কানিয়ে ওয়েস্টের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার শুরু
যুক্তরাষ্ট্রে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছরের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচার শুরু করেছেন র্যাপার কানিয়ে ওয়েস্ট।
গত ৪ জুলাই এক টুইটে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন কিম কারদাশিয়ানের স্বামী কানিয়ে ওয়েস্ট। এতদিন তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছিলেন।
বিবিসি জানায়, নির্বাচনী সমাবেশে ৪৩ বছরের কানিয়ে ওয়েস্ট গর্ভপাত এবং দাসপ্রথার বিরুদ্ধে আন্দোলনকারী হ্যারিয়েট টুবম্যানসহ আরো নানা বিষয়ে নিজের আবস্থান জানিয়ে বক্তৃতা দিয়েছেন।
এ বছর নভেম্বরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। হাতে আর চার মাসের মত সময় আছে। এ সময়ে ওয়েস্টের প্রেসিডেন্ট লড়াইয়ে নামার ঘোষণাকে তার ভক্তরাই সন্দেহের চোখে দেখছেন। অনেকে বলছেন, নিজেকে প্রচারের আলোয় রাখতে ওয়েস্ট এ ঘোষণা দিয়েছেন।
চার্লসটনের প্রচার সমাবেশ থেকেও সত্যি সত্যি ওয়েস্টের ভোটের ময়দানে নামার বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি। ওদিকে, ওয়েস্টের প্রেসিডেন্ট নির্বাচনে নামার ঘোষণা দেওয়া পোস্টটিও টুইটার থেকে মুছে ফেলা হয়েছে।
চার্লসটনের একটি কনফারেন্স হলে ওয়েস্টের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বলা হয়েছিল, শুধুমাত্র নিবন্ধিত অতিথিরাই সেখানে প্রবেশ করতে পারবেন। কিন্তু তার নির্বাচনী প্রচারের ওয়েবসাইটে সমাবেশে যেতে নাম নিবন্ধন করার কোনো ঘর ছিল না।
কিছুটা উদ্ভট সাজপোশাকে সমাবেশে উপস্থিত হন ওয়েস্ট। মাথার পেছনের চুল এমন ভাবে ছাঁটা, সেখানে ‘২০২০’ স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরনে ছিলেন বুলেট প্রুফ জ্যাকেট। হাতে কোনো মাইক্রোফোন না থাকায় দর্শকদের সঙ্গে চিৎকার করে কথা বলেন তিনি।
দর্শক সারিতেও কোনো মাইক্রোফোন ছিল না। তিনি বারবার দর্শকদের চুপ থাকতে বলছিলেন, যেন সেখান থেকে আসা প্রশ্ন তিনি শুনতে পান।
গর্ভপাত নিয়ে কথা বলা শুরু হলে এক পর্যায়ে ওয়েস্ট কেঁদে ফেলেন এবং বলেন, ব্যস্ততার কারণে তার বেলায় তার বাবা-মা প্রথমে গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘‘কানিয়ে ওয়েস্টের থাকারই কথা ছিল না, কারণ আমার বাবা খুব ব্যস্ত মানুষ ছিলেন।”
‘‘আমিও আমার মেয়েকে প্রায় মেরে ফেলছিলাম... আমি গর্ভপাতের কথা বলায় আমার স্ত্রী (কিম কারদাশিয়ান) আমাকে ডিভোর্সের হুমকি দিয়েছিল। আমি চাইনি, তারপরও সে নর্থকে পৃথিবীর আলো দেখিয়েছে।”
তারপরও গর্ভপাতের বৈধ থাকা উচিত বলেই মনে করেন কানিয়ে ওয়েস্ট। তবে ওইসব হবু মা বা নতুন মা যাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তাদের রাষ্ট্র থেকে আর্থিক সহায়তা দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। ওয়েস্ট বলেন, ‘‘বাচ্চা আছে এমন প্রত্যেককে ১০ লাখ মার্কিন ডলার দিলে ভাল হয়।”
অন্যদিকে, দাসমুক্তি আন্দোলনের যোদ্ধা হ্যারিয়েট টুবম্যানকে নিয়ে ওয়েস্টের বক্তব্য অনেককে ক্ষুব্ধ করেছে। ‘‘টুবম্যান আসলে কখনওই দাসদের মুক্ত করেননি”, ওয়েস্টের এমন মন্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যেই এখন নির্বাচনে দাঁড়ানোর সময়সীমা পেরিয়ে গেছে। এ পরিস্থিতিতে নির্বাচনে লড়ার জন্য অন্য অনেক রাজ্যেই কানিয়ে ওয়েস্টকে এখন প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
গত সপ্তাহে কানিয়ে ওয়েস্ট ওকলাহোমা রাজ্যে প্রথম সময়সীমার মধ্যে ভোটে দাঁড়ানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সাউথ ক্যারোলাইনায় ভোটের জন্য তাকে সোমবার দুপুরের মধ্যেই ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
