২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে একদিনে রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ

হংকং মহামারীর শুরুতেই দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারলেও গত দুই সপ্তাহ ধরে সেখানে সংক্রমণ বাড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 06:52 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

রোববার হংকংয়ে রেকর্ড ১০৮ জন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর যা একদিনে সর্বোচ্চ। এ অবস্থায় ভাইরাসের বিস্তার রোধে এক সংবাদ সম্মেলনে আবারও বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

বিবিসি জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৮৩ জন স্থানীয়ভাবে এবং ২৫ জন বিদেশ থেকে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ক্যারি লাম পরিস্থিতি ‘খুবই সংকটজনক’ এবং ‘‘মহামারী নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই”বলে জানিয়েছেন।

তিনি এরই মধ্যে জরুরি পরিষেবা ছাড়া বাকি সরকারি কর্মীদের ‍বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করা এবং ভাইরাস পরীক্ষা আরো বাড়ানোর কথা বলেছেন।

তিনি বলেন, ‘‘প্রতিদিন অন্তত ১০ হাজার নমুনা পরীক্ষা করা হবে।” তাছাড়া, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হংকংয়ে গণপরিবহন এবং বদ্ধ জনসমাগমের স্থানগুলোতে মাস্ক পরাও বাধ্যতামূলক করেছেন লাম।

ওদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসখানেক আগে হংকংয়ের থিম পার্ক ডিজনিল্যান্ড খুলে দেওয়া হয়েছিল। কিন্তু গত দুই সপ্তাহে পাঁচশতাধিক রোগী শনাক্তের পর তা আবার বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক দূরত্বও আবার বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকেই প্রশাসন নগরীর সব বার, জিম এবং ক্লাব বন্ধ করে দিয়েছে। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের জমায়েতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

যদিও চীন বিরোধী সমালোচকদের আশঙ্কা, করোনাভাইরাস বিস্তারের অজুহাত তুলে হংকংয়ের চীনপন্থি প্রশাসন আসলে আন্দোলন ধামাচাপা দিতে চাইছে।

চীনের বলয় থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে গত বছর থেকে হংকংয়ে আন্দোলন চলছে।