সার্বিয়ায় পার্লামেন্ট প্রাঙ্গণে কারফিউ-বিরোধী সহিংস বিক্ষোভ
করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বাড়ায় ফের কারফিউ জারির প্রতিবাদে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের পার্লামেন্ট প্রাঙ্গণে সহিংস বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ-বিক্ষোভকারীসহ ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সার্বিয়ায় করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে মঙ্গলবারই একদিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে।
দেশটির প্রেসিডেন্ট বুচিস টেলিভিশনে এক ভাষণে ১৩ জনের মৃত্যুর খবর জানিয়ে বলেন, আরও ১২০ জনের অবস্থা গুরুতর এবং চারহাজার মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে প্রেসিডেন্ট আপাতত গোটা দেশের পরিবর্তে কেবল রাজধানী বেলগ্রেডে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বলবৎ করা এবং সোমবার ভোর ৫ টা পর্যন্ত তা জারি রাখার ঘোষণা দেন। সেইসঙ্গে বুধবার থেকে ৫ জনের বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।
এরপরই এ ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমে আসে মানুষ। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের একাংশ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লে টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে সরিয়ে দিতে তৎপর হয় পুলিশ। প্রায় ১৫ মিনিট সংঘর্ষের পর পুলিশ বিক্ষোভকারীদেরকে পার্লামেন্ট ভবন থেকে হটিয়ে দেয়।
এরপরও পার্লামেন্টের বাইরে চলছিল সংঘর্ষ। পুলিশের টিয়ার গ্যাসের জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুড়েছে। পুলিশের গাড়িও জ্বালিয়ে দিয়েছে তারা। পার্লামেন্টে এ তাণ্ডব চালানোর জন্য কট্টর ডানপন্থিদেরকে দায়ী করা হচ্ছে।
বিক্ষোভ যে কারণে:
সার্বিয়ায় করোনাভাইরাসের প্রকোপ দ্বিতীয় দফায় হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। কর্তৃপক্ষ কয়েকটি শহর এবং নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
কিন্তু এর আগে গত মে মাসে প্রেসিডেন্ট আগেভাগেই লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে সমালোচিত হয়েছেন।
ওই সময় ফুটবল এবং টেনিস খেলার জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছিল। তাছাড়া, ২১ জুনে সার্বিয়ার নির্বাচনের আগে দিয়েও মানুষের চলাফেরার ওপর বিধিনিষেধ অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছিল।
বিশেষজ্ঞরা তখন এই নিষেধাজ্ঞা শিথিলে করোনাভাইরাসের প্রকোপ আবার বেড়ে যেতে পারে বলে সতর্কও করেছিলেন।
সার্বিয়ার প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচনের পর তার ক্ষমতা সুসংহত রাখতে আগেরবারের লকডাউন দ্রুত তুলে নিয়েছিলেন বলে অভিযোগ অনেকেরই।
আর এখন সেই লকডাউনের পদক্ষেপ আবার ফিরিয়ে আনাতেই বেজায় চটেছে মানুষ। এক বিক্ষোভকারীর কথায়, “আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের কারণে জরুরি অবস্থা তুলে দিলেন। আর এখন তিনি তা আবার চাপাতে চাইছেন।”
প্রেসিডেন্টের ফের কারফিউ জারির প্রতিবাদে স্থানীয় মানুষের পাশাপাশি ছাত্ররা এবং ‘ডোন্ট লেট বেলগ্রেড ড্রাউন’ নাগরিক আন্দোলোনের সদস্যরা মঙ্গলবারের বিক্ষোভে যোগ দেয়।
প্রেসিডেন্ট বুচিস করোনাভাইরাসের ভয়াবহ সংকট চলার সময়ে পার্লামেন্টে এই বিক্ষোভকে ‘সহিংস হামলা’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ৪ টি নগরীতে পরিস্থিতি খু্বই খারাপ। ভাইরাস সংক্রমণ বেশি এমন কিছু জায়গায় কিছু কিছু বিধিনিষেধ গত সপ্তাহেই পুনর্বহাল করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বেলগ্রেডের প্রায় সব হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ। তাছাড়া, অন্যান্য আরও অনেক শহরের হাসপাতালেও শয্যা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
