২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনীদের সম্পদের উৎস সন্ধানে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের দুর্নীতি দমন কমিশন ধনীদের সম্পদের উৎস সন্ধানে নেমেছে। যারা তাদের সম্পদ কোথা থেকে এল তার ব্যখ্যা দিতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 05:26 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

সেক্ষেত্রে আদালত দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিলেও কর্তৃপক্ষের খড়গ থেকে রেহাই না পাওয়ার বিপদে পড়তে পারেন ধনীরা।

দেশটির নতুন এ অভিযানে নিবিড়ভাবে ধনীদের জীবনধারার হিসাবনিকাশ করে দেখা হবে।

জিম্বাবুয়ের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি লইস মাতান্দা-ময়ো বলেছেন, “কিছু ধনী মানুষের ওপর এটি একটি “ইনটেনসিভ লাইফস্টাইল অডিট”। এই সব ধনী ব্যক্তি এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঠিকমত কর দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

২০১৯ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের দুর্নীতি দমন কমিশন এ ধরনের অভিযান চালানো ক্ষমতা পেয়েছে। এর আওতায় ‘অঘোষিত সম্পদ আদেশ’ আইনে মানুষ কীভাবে সম্পদ অর্জন করছে সে সম্পর্কে ব্যাখ্যা তলব করতে পারবে কমিশন।

তদন্তনাধীনে থাকা মানুষদেরকে হাইকোর্টে গিয়ে সম্পদের হিসাব দিতে হবে। আর তা করতে না পারলে অঘোষিত সম্পদ আদেশে আপনা থেকেই তাদের সম্পদ জব্দ হয়ে যাবে।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অর্থনৈতিক মন্দা যাচ্ছে জিম্বাবুয়ের। নিম্নমানের সেবা ও দুর্নীতি নিয়ে দেশটিতে জনরোষ বাড়ছে।

দুর্নীতির কারণে জিম্বাবুয়ের অর্থনীতিতে বছরে অন্তত ১শ’ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।