কোভিড-১৯: ট্রাম্পের সমাবেশের কাজে যুক্ত ৬ কর্মী আক্রান্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচার শিবিরের ছয় কর্মীর দেহে প্রাণঘাতী নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তরা সবাই শনিবার ওকলাহোমার টালসায় ট্রাম্পের সমাবেশের আয়োজনের কাজে নিয়োজিত ছিলেন বলে সিএনএন জানিয়েছে।
সমাবেশ শুরু হওয়ার আগেই তার নির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তারা এই ছয় জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। মহামারীর মধ্যে এ ধরনের সমাবেশ নিয়ে এমনিতেই ওই অঞ্চলে ব্যাপক উদ্বেগ বিরাজ করছিল।
“নিরাপত্তার খাতিরে, অনুষ্ঠানের আগে আমরা প্রচার শিবিরের সব কর্মীর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। কয়েকশ পরীক্ষার মধ্যে অগ্রবর্তী দলের ছয় সদস্যের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিন ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে,” সমাবেশের আগে বিবৃতিতে জানিয়েছেন ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচার শিবিরের কমিউনিকেশন ডিরেক্টর টিম মারটা।
আক্রান্ত কর্মী কিংবা তাদের সংস্পর্শে আসা কাউকে টালসার সমাবেশে রাখা হবে না বলেও জানিয়েছিলেন তিনি।
“আগের ঘোষণা অনুযায়ী, সমাবেশে অংশ নিতে আসা সবার শরীরের তাপমাত্রা মাপা হবে, দেয়া হবে রিস্টব্যান্ড, ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার,” বলছিলেন মারটা।
ট্রাম্পের এ নির্বাচনী সমাবেশকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর চার দেয়ালের ভেতর অনুষ্ঠিত সবচেয়ে বড় জমায়েতগুলোর একটি বলা হচ্ছে। তবে এমন এক সময়ে এ সমাবেশ হল, যখন ওকলাহোমায় শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
নতুন করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ৫৫ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গেছে; মৃত্যু ছাড়িয়ে গেছে এক লাখ ১৯ হাজার।
সমাবেশে ট্রাম্প জানান, করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা বেশি হওয়ায় বেশি আক্রান্তের সন্ধান মিলছে, এ কারণে তিনি তার প্রশাসনের কর্মীদের শনাক্তকরণ পরীক্ষা কমাতে বলেছেন।
ভাইরাস শনাক্তকরণ পরীক্ষাকে ‘দুই ধারী তলোয়ার’ বলেও অভিহিত করেছেন তিনি।
