লাদাখ সীমান্তে চীনের তৎপরতা ধরা পড়ল উপগ্রহ চিত্রে
লাদাখে ভারত-চীন সীমান্তে কয়েকদশকের মধ্যে দুই পক্ষের সেনাদের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেছে সদ্যই।চীন এর আগে থেকেই সেখানে নানামুখী তৎপরতা শুরু করেছিল। উপগ্রহের ছবিতে তা ধরা পড়েছে।
সীমান্তে সারি সারি গাড়ি ছাড়াও নানারকম যন্ত্রপাতি,পাহাড় কাটা এবং নদীতে বাঁধ দেওয়ার মত কর্মকাণ্ড দেখা গেছে ছবিতে।
সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের পরদিন মঙ্গলবার পাওয়া গেছে স্যাটেলাইটের এ ছবি। এতে দেখা গেছে, এক সপ্তাহ আগে থেকেই সীমান্তে তৎপরতা বাড়িয়েছিল চীন।
সোমবারের সংঘর্ষের জন্য ভারত এবং চীন উভয়ই একে অপরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ করেছে।
চীন সঙ্গে সঙ্গে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো ভারতকে দোষ দিয়েছে।ভারতীয় সেনারাই নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে উস্কানি দিয়েছে এবং আগে চীনা সেনাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ চীনের।
যদিও পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা এলএসি’র সীমানা ভালভাবে নির্দেশ করা নেই। উপরন্তু সেখানে নদী, হ্রদ এবং বরফে ঢাকা পর্বতের কারণে এর হেরফেরও ঘটে। ফলে নিয়ন্ত্রণরেখা বরাবর অনেকখানেই ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসে।
কিন্তু মার্কিন সংস্থা প্ল্যানেট ল্যাব প্রকাশিত উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা। এতে দেখা গেছে, চীন উপত্যকার ভূ-প্রকৃতি বদলে ফেলছে। মাটি কেটে সরানো হচ্ছে, চলাচলের পথ বড় করা হচ্ছে। নদী পারাপারের রাস্তা বানানো হচ্ছে। পাহাড় এবং গালওয়ান নদীর কাছে যন্ত্রপাতিও দেখা গেছে।
ছবি দেখে মনে হয়েছে, চীন উপত্যকায় রাস্তা বানাচ্ছে এবং নদীতে বাঁধ দিচ্ছে- বলেছেন, ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ‘ইস্ট এশিয়া ননপ্রলিফারেশন প্রোগ্রাম’ এর পরিচালক জেফরি লিউইস।
তিনি বলেন, “এলএসি’র দুই দিকেই সারি সারি যান দেখা গেছে। যদিও চীনের অংশেই গাড়ির সংখ্যা বেশি মনে হয়েছে। আমি ৩০-৪০ টি ভারতীয় যান গুনে দেখেছি। আর চীনের অংশে ১শ’টির বেশি যান হবে।”
চীনের পররাষ্ট্রমন্তণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তিনি জানেন না। তবে তিনি আবারও বলেন, সম্প্রতি কয়েকদিনে ভারতীয় সেনারা কয়েক জায়গায় চীনের অংশে ঢুকেছে। তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত।
১৯৬৭ সালের পর চীন এবং ভারতের মধ্যে এবারকার সংঘর্ষ ছিল সবচেয়ে মারাত্মক। মে মাস থেকেই সীমান্তে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল।
ভারতের অভিযোগ ছিল চীনের সেনারা তাদের অংশে ঢুকে অস্থায়ী কাঠামো নির্মাণের চেষ্টা করছে। দুপক্ষের মধ্যে ছোটখাট গন্ডগোল থেকেই পরে গত সোমবার বড় ধরনের সংঘর্ষ হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ৬ জুনে দুপক্ষের সামরিক কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছার পরও চীন এলএসি’র ভারতীয় অংশে ওই কাঠামো স্থাপনের চেষ্টা করেছে। একথা গত বুধবারের ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। যদিও সে কাঠামোটি কি তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি তিনি।
সামরিক বাহিনী সংশ্লিষ্ট দুই সরকারি কর্মকর্তার ভাষ্যমতে, ঝামেলার সূত্রপাত হয় ভারতীয় টহল সেনারা নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি দেখতে গেলে। চীন জানিয়েছিল, তাদের সেনারা নিয়ন্ত্রণরেখা থেকে সরে গেছে। আর সেটিই যাচাই করে দেখতে সেখানে যায় ভারতীয় টহল দল।
চীনা সেনারা চলে গেলেও তারা সেখানে দুটো তাঁবু এবং ছোট্ট একটি পর্যবেক্ষণ ফাঁড়ি করে রেখে গিয়েছিল।
এরপর কী ঘটেছিল তা স্পষ্ট জানা না গেলেও দুপক্ষ খুব শিগগিরই সংঘর্ষে জড়িয়েছে। চীনা সেনারা এ সংঘর্ষে পেরেক বসানো লোহার রড ব্যবহার করেছে।
চীনের এ অস্ত্রের ছবিও প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। ছবিতে দেখা গেছে, লোহার রডের ওপর পেরেক পোঁতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বিবিসি’কে এ ছবি দিয়ে জানান, চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষে এ অস্ত্র ব্যবহার করেছে।
সীমান্তে সংঘর্ষ কয়েকঘণ্টা ধরে চলে এবং এতে ৯শ’ সেনা জড়িত ছিল বলে জানিয়েছে ভারতীয় পক্ষ। কোনোরকম গোলাগুলি না হলেও তাতে ২০ সেনা মারা গেছে বলে জানিয়েছে ভারত।
তবে চীন ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও বলেছেন, “ঘটনাটিতে কী ভুল আর কী ঠিক তা খুবই পরিষ্কার। এ ঘটনায় চীনের কোনো দায় নেই।”
