২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের সঙ্গে উত্তেজনা: পদত্যাগপত্র দিলেন দক্ষিণ কোরীয় মন্ত্রী

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির দায় নিয়ে পদত্যাগপত্র দিয়েছেন দুই কোরিয়া একত্রীকরণবিষয়ক দক্ষিণ কোরীয় মন্ত্রী কিম ইয়ন-চুল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jun 2020, 09:28 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের কাছে গড়ে তোলা একটি যৌথ লিয়াজোঁ কার্যালয় উত্তর কোরিয়া বিস্ফোরণ ঘটিয়ে গুড়িয়ে দেওয়ার পরপরই ইয়ন-চুল সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত জানালেন।

বুধবার তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন। তবে প্রেসিডেন্ট তা গ্রহণ করবেন কি-না সেটি এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে ‘সিদ্ধান্ত হওয়া মাত্রই জানানো হবে’ বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি দেখভাল করে। কিম ইয়ন-চুল গত এপ্রিলে দুই কোরিয়া একত্রীকরণবিষয়ক মন্ত্রী হন।

উত্তরের সঙ্গে ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরুর দায়িত্ব দেওয়া হয় ইয়ন-চুলকে। ওই বছরই সীমান্তবর্তী কেইসং শহরের কাছে লিয়াজোঁ কার্যালয়টি খোলা হয়েছিল।

দুই কোরিয়ার মধ্যে সম্প্রতি উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ কার্যালয় গুড়িয়ে দেয় উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পক্ষত্যাগী পলাতক নাগরিকরা দক্ষিণ কোরিয়া থেকে বেলুনে করে সীমান্তের ওপারে উত্তর কোরিয়া-বিরোধী বার্তা পাঠিয়ে আসছে। এ নিয়েই গত কিছুদিন ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।

দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার সীমান্তে অসামরিক এলাকায় (ডিমিলিটারাইজড জোন-ডিএমজেড) ঢুকে পড়ার হুমকিও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের এই অবনতির দায় নিয়ে সিউলের একত্রীকরণবিষয়ক মন্ত্রী কিম ইয়ন-চুল বলেছেন, কোরিয়া উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার মানুষের শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার আকাঙ্খা পূরণ না করতে পারায় তিনি দুঃখিত।

পুরনো খবর:

বাড়ছে উত্তেজনা, লিয়াজোঁ দপ্তর গুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া