২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল দেখা দেয়ার পর তা মেরামতে কয়েক ঘণ্টার জন্য সেতুটি বন্ধ রাখা হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 06:59 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

টেনেসিতে ৬৮০ ফুট দীর্ঘ এ সেতুর মাঝখানে তিনটি কাচের প্যানেল রয়েছে। প্যানেলগুলো পর্যটকদের সেতু থেকে ১৪০ ফুট নিচে দেখার সুযোগ করে দেয়।

সাসপেনশন ব্রিজের ওপর এ কাচের প্যানেলে ছোটাছুটি, দৌড়ানো বা লাফানোর উপর নিষেধাজ্ঞা আছে।

কিন্তু এক পর্যটক ওই নিষেধাজ্ঞা না মেনে বেইসবল খেলার রানারের মতো স্লাইড দেওয়ার চেষ্টা করলে কাচে ফাটল দেখা দেয় বলে গেটলিনবার্গ স্কাইলিফট পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

সেতুটির মূল অবকাঠামোর কোনো সমস্যা হয়নি। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার পর ফাটল মেরামতের জন্য রাতে সেতুটি বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল থেকে সেতুটি ফের খুলে দেয়া হয়েছে বলে সিএনএন জানিয়েছে।