করোনাভাইরাসে মারা গেলেন ইলহান ওমরের বাবা
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের বাবা নুর ওমর মোহাম্মদ করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে সোমবার রাতে মারা গেছেন।
এক টুইটে বাবা মারা যাওয়ার খবর নিজেই দিয়েছেন মিনেসোটার সোমালীয়-বংশোদ্ভুত এই কংগ্রেস সদস্য। বাবার সঙ্গে ইলহান তার একটি ছবিও টুইট করেছেন।
টুইটে তিনি লেখেন, “বাবাকে বিদায় জানাতে অসম্ভব কষ্ট হচ্ছে। বাবা আমার কাছে এবং যারা তাকে চেনেন, ভালবাসেন তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় বলে বোঝাতে পারব না।”
সোমালিয়ায় গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালে শরণার্থী হিসাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইলহান ওমর ও তার বাবা নুর মোহাম্মদ। সেখানে তারা মিনিয়াপোলিসে বাস করতে শুরু করেন।
যুক্তরাষ্ট্রে ২০১৮ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা থেকে প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য হয়ে ইতিহাস গড়েন ইলহান ওমর। তার সঙ্গে ইতিহাস সৃষ্টি করেন মিশিগান থেকে জয়লাভ করা আরও এক মুসলিম নারী রাশিদা তালিব।
দুজনেই ছিলেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী। তারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী এবং মুসলিম-বিরোধী নীতির ঘোর সমালোচকও।
