২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিনির জেল, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

রাশিয়ার আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা পল উইলানকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2020, 11:51 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

২০১৮ সালের ডিসেম্বরে মস্কোয় এক হোটেল রুমে ইউএসবি ড্রাইভসহ ধরা পড়েন উইলান। তাতে রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল বলে ভাষ্য নিরাপত্তা কর্মকর্তাদের।

মস্কোর আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় দিয়েছে।

এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে উইলানের মুক্তি দাবি করেছেন। গোপনে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে এবং বিচার নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

রাশিয়া বলছে, ৫০ বছর বয়সী পল উইলান একটি কম্পিউটার ফ্ল্যাশ ড্রাইভসহ ধরা পড়েন। তাতে গোপন তথ্য ছিল। তবে এমন অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন উইলান।

তার কথায়, এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় হঠাৎ তার এক বন্ধু এসে ওই ইউএসবি ড্রাইভটি তাকে দিয়েছিলেন। তাতে ছুটি কাটানোর ছবি আছে বলেই ভেবেছিলেন তিনি।  এর কিছুক্ষণ পরই নিরাপত্তা কর্মকর্তারা এসে রাষ্ট্রীয় গোপন তথ্য থাকার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।

রাশিয়ার বিচার প্রক্রিয়াকে উইলান ‘ন্যাক্কারজনক’ এবং সাজানো নাটক আখ্যা দিয়েছেন। তিনি চার দেশের নাগরিক।

তার আছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং আইরিশ রিপাবলিকের পাসপোর্ট। রাশিয়ায় তার বিচারের নিন্দা করে উইলান এই চার দেশের নেতাকেই এর বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ওদিকে, উইলানের আইনজীবী জানিয়েছেন, আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।