২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার করছে নেপাল

সরকারের করোনাভাইরাস মহামারী সামাল দেওয়া নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ায় পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার করছে নেপাল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2020, 10:27 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

তাদের নেপালে ঢোকাও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন কর্মকর্তারা।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত শনিবার রাস্তায় বিক্ষোভ চলার সময় পুলিশ তিন চীনা-সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নরওয়ের একজন করে নাগরিককে গ্রেপ্তার করেছে।

নেপালে মানসম্পন্ন কোয়ারেন্টিন কেন্দ্রসহ আরো বেশি করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা এবং কোভিড-১৯ মোকাবেলার লড়াইয়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতার দাবিতে বিক্ষোভকারীরা পথে নেমেছিল।

নেপালের অভিবাসন বিভাগের মহাপরিচালক রমেশ কুমার কে. সি. বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের পর্যটকদের প্রত্যেককে ১০ হাজার নেপালি রুপি (৮২.৭৫ ডলার) জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার পর্যটককে এর দ্বিগুণ জরিমানা করা হয়েছে। কারণ, তিনি বিক্ষোভের ছবিও তুলছিলেন।

“আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেই এই পাঁচ পর্যটককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে” বলে জানিয়েছেন রমেশ কুমার। করোনাভাইরাসে লকডাউনের কারণে দেশটিতে ৫ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

রমেশ কুমার জানান, ওই পর্যটকদের সঙ্গে গ্রেপ্তার হওয়া নরওয়ের এক নারী একজন নেপালিকে বিয়ে করায় তিনি নেপালেই থাকতে পারবেন। তবে তাকে ৫ হাজার রূপি জরিমানা দিতে হবে।

আরেকজন অভিবাসন কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ওই বিদেশিরা তাদের ভিসার অপব্যবহার করেছেন এবং বিক্ষোভের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। একারণেই তাদেরকে সাজা দেওয়া হয়েছে।

নেপালে করোনাভাইরাস ধরা পড়ার পর গত মার্চে লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়। এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২১১ এবং মারা গেছে ১৯ জন।

করোনাভাইরাস সামাল দিতে নেপাল সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে।