২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জঙ্গি হামলা, ২০ সৈন্যসহ নিহত অন্তত ৬০

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যে জঙ্গিদের জোড়া হামলায় ২০ সেনাসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 06:28 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

দেশটির গুবিও এলাকার একটি গ্রামে জঙ্গি হামলায় ৬৯ বেসামরিক নিহতের রেশ কাটতে না কাটতেই শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মঙ্গুনো ও এনগানজাইতে এ জোড়া হামলা হয়।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েক বছর ধরে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের শাখা সংগঠন আইএসডব্লিউএপির হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে; বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

আইএসডব্লিউএপি কয়েকদিন আগে গুবিওতে হামলার দায় স্বীকার করেও বিবৃতি দিয়েছিল।

শনিবার জঙ্গিরা রকেট লঞ্চারসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মঙ্গুনোতে হামলা চালায় বলে বেসরকারি সংস্থার দুই কর্মী ও এলাকাটির তিন বাসিন্দা জানিয়েছেন।

জঙ্গিরা অন্তত তিন ঘণ্টা এলাকাটিতে দাপিয়ে বেড়ায় এবং বাসিন্দাদের কাছে স্থানীয় ভাষায় লেখা চিঠি বিতরণ করে।

চিঠিতে স্থানীয়দেরকে সেনাবাহিনী, শ্বেতাঙ্গ পশ্চিমা খ্রিস্টান ধর্মাবলম্বী ও অন্য ‘অবিশ্বাসীদের’ সঙ্গে কাজ করলে শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।  

জঙ্গিরা স্থানীয় একটি থানা ও জাতিসংঘের একটি স্থাপনায়ও আগুন ধরিয়ে দেয়।

জাতিসংঘের এক মুখপাত্র জঙ্গি হামলায় তাদের স্থাপনাটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন।  

শেষ পর্যন্ত সরকারি বাহিনীর সদস্যরা জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হলেও জঙ্গিদের হাতে অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুই পক্ষের গোলাগুলিতে শতাধিক সাধারণ মানুষও আহত হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

মঙ্গুনোতে হামলার কাছাকাছি সময়ে জঙ্গিরা এনগানজাইতেও হামলা চালায় বলে এলাকাটির দুই বাসিন্দা ও সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ) এক যোদ্ধা জানিয়েছেন।

মোটর সাইকেল ও পিকআপ ট্রাকে করে আসা জঙ্গিরা এনগানজাইর ৪০ জনেরও বেশি বাসিন্দাকে হত্যা করেছে, জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

শনিবার জঙ্গিদের এ জোড়া হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।