প্যারিসে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
প্যারিসে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদরত আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুড়লে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন চলছে। এর অনুপ্রেরণায় শনিবার প্যারিসের কেন্দ্রস্থলে একটি মিছিল করার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
২০১৬ সালে ফ্রান্সে পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যাডামা ত্রায়োরের স্মরণে ‘জাস্টিস ফর অ্যাডামা’ ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়েছিল।
বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় বিকালের দিকে প্যারিসের প্লাস দো লা রেপাবলিকে প্রায় ১৫ হাজার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী জড়ো হয়। ‘নো জাস্টিস নো পিস’ স্লোগানে এলাকা মুখরিত করে রাখে তারা।
বিক্ষোভকারীদের কয়েকজনকে ফরাসী প্রজাতন্ত্রের প্রতীক মারিয়েন ভাস্কর্যর উপরে উঠতেও দেখা গেছে।
এদিনের সমাবেশে অ্যাডামার বোন আশা ত্রায়োরে ‘সামাজিক, জাতিগত ও পুলিশি সহিংসতা প্রত্যাখ্যানের’ আহ্বান জানান।
“যুক্তরাষ্ট্রে যা হচ্ছে, ফ্রান্সেও তা হচ্ছে। আমাদের ভাইরা মারা যাচ্ছে,” বলেছেন তিনি।
কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের প্লাস দো লা রেপাবলিকে জড়ো হওয়ার অনুমতি দিলেও তারা সেখান থেকে মিছিল নিয়ে ওপেহা এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে, এ বিবেচনায় পুলিশ বিক্ষোভকারীদের পূর্বপরিকল্পিত এ মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল।
পুলিশ বাধা দেওয়ার পর তাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের প্লাস দো লা রেপাবলিক থেকে সরিয়ে দিতে পুলিশকে কাঁদুনে গ্যাস ছুড়তে হয়।
সন্ধ্যার দিতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ ২৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম লে প্যারিসিয়ান।
প্যারিসের পাশাপাশি লিঁও, মার্শেইসহ ফ্রান্সের বেশ কয়েকটি শহরে বর্ণবাদ ও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
