২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম বাজারে প্রাদুর্ভাব শনাক্তের পর ফের শঙ্কায় বেইজিং

নগরীর বৃহত্তম পাইকারি বাজারের বেশ কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনের রাজধানী বেইজিংয়ে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 08:32 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

এক ব্রিফিংয়ে শহরটির ফেংটাই এলাকার কর্মকর্তা চু জাংওয়ি জানান, জিংফাদি বাজারে কর্মরত ৫১৭ জনের নমুনা পরীক্ষার পর ৪৫ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। এদের কারও মধ্যেই কোভিড-১৯ এর কোনো উপসর্গ দেখা যায়নি।

কিন্তু তারপরও শনিবার এশিয়ার সবচেয়ে বড় কৃষিপণ্যের বাজার বলে কথিত জিংফাদি ও তৎসংলগ্ন ১১টি এলাকা লকডাউন করা হয়। সেখানে দিনরাত পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চু।

রাজধানীজুড়ে সংক্রমণের আরেকটি ঢেউ দেখা দিতে পারে শঙ্কায় বেইজিংয়ে পর্যটন ও স্পোর্টস ইভেন্টের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“প্রথমেই জনগণের সুরক্ষা ও স্বাস্থ্য, এই নীতি অনুসারে আমরা জিংফাদি বাজার ও পার্শ্ববর্তী এলাকাগুলো লকডাউন করার পদক্ষেপ নিয়েছি,” বলেছেন ওই কর্মকর্তা।

ওই এলাকাগুলো ‘যুদ্ধকালীন জরুরি অবস্থায়’ আছে বলে জানিয়েছেন তিনি।

সোশাল মিডিয়ায় আসা ফুটেজে কয়েকশ’ মিলিটারি পুলিশকে মার্চ করে জিংফাদি বাজারে প্রবেশ করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার স্থানীয় সময় বিকাল ৩টায় পুরো বাজার বন্ধ করে দেওয়া হয়। বাজারের প্রবেশপথগুলো বন্ধ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

বাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং লামা মন্দিরসহ বিশিষ্ট জনসমাগম স্থানগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আমদানি করা স্যামন মাছ কাটার জন্য নির্ধারিত ব্লকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর আগে একটি মাংস গবেষণা কেন্দ্রে কর্মরত দুই ব্যক্তি ওই বাজার থেকে ঘুরে আসার পর তাদের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়। তারা কীভাবে আক্রান্ত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

এর পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে বাজারের মাংস কেনাবেচা বন্ধ করে দেয় বেইজিংয়ের কর্তৃপক্ষ। এরপর তারা নগরীর অন্যান্য পাইকারি বাজারগুলোও বন্ধ করে দেয়।

নগর কর্তৃপক্ষ জিংফাদি বাজারে কর্মরত ১০ হাজারেরও বেশি লোকের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে।   

জিংফাদির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের ৮০ শতাংশ সবজি ও মাংস বিশাল এই বাজারটি থেকে সরবরাহ করা হয়। এই বাজারে প্রতিদিন ১৫ হাজার টন সিফুড, ১৮ হাজার টন সবজি ও ২০ হাজার টন ফল কেনাবেচা হয়।