ট্রাম্পের সঙ্গে চার্চে যাওয়ায় ক্ষমা চাইলেন শীর্ষ মার্কিন জেনারেল
বিক্ষোভকারীদের বলপ্রয়োগ করে হটানোর পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজের কাছের একটি চার্চে হেঁটে যাওয়াটা ভুল হয়েছে বলে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।
তিনি বলেন, “১ জুনের ওই ঘটনা ছিল অভ্যন্তরীন রাজনীতিতে সামরিক বাহিনীর নাক গলানোর মতো ব্যাপার। আমার সেখানে থাকা উচিত হয়নি।”
ওইদিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে জড়ো হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হটিয়ে চার্চে গিয়েছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্টের জন্য রাস্তা ফাঁকা করতে রাবার বুলেট, টিয়ারগ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ন্যাশনাল গার্ডের সেনাপুলিশ, সিক্রেট সার্ভিস, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার পুলিশ ও হোমল্যান্ড সিকিউরিটি পুলিশ।
এরপরই জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেন্ট জোনস চার্চে যান ট্রাম্প। সেখানে গিয়ে প্রার্থনা না করেই বাইবেল হাতে ছবি তোলেন তিনি।
বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের হটিয়ে চার্চে যাওয়ার এ ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে ভিডিও রেকর্ডিংয়ে দেওয়া ভাষণে জেনারেল মার্ক মিলি ওই মুহূর্তে ওই পরিবেশে তার থাকা উচিত ছিল না বলে জানান।
তিনি বলেন, “একজন কমিশনপ্রাপ্ত ইউনিফর্মধারী কর্মকর্তা হিসেবে এটি আমার ভুল ছিল, যা থেকে আমি শিক্ষা নিয়েছি। আশা করি আমরা সবাই এ থেকে শিক্ষা নেব।”
