২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই বেদনার অবসান করুন’: মার্কিন কংগ্রেসকে ফ্লয়েডের ভাই

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে পুলিশ বাহিনী সংস্কারের বিল পাস করে ‘ভাই হারানোর বেদনার অবসান’ ঘটানোর আহ্বান জানিয়েছেন নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 01:10 AM

Updated : 08 Apr 2022, 12:55 AM

পুলিশের নিপীড়নে জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে আমূল সংস্কারের প্রস্তাব নিয়ে শুনানি শুরু করেছে কংগ্রেস।

বুধবার প্রতিনিধি পরিষদে বিচারবিভাগীয় কমিটির প্রথমদিনের সেই শুনানিতে হাজির হয়ে ফিলোনিজ ওই আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি।

সদ্যই ভাইকে সমাহিত করে আসা ফিলোনিজ আবেগাপ্লুত হয়ে ভিডিওতে হত্যার সেই মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দেন। এরপরই পুলিশের বর্বরতার বিরুদ্ধে আইনপ্রণেতাদেরকে ব্যবস্থা নিতে তৎপর হওয়ার দাবি জানান তিনি।

ফিলোনিজ বলেন, তার ভাই জর্জ যেন নিহত কৃষ্ণাঙ্গদের তালিকায় কেবল আরেকটি নাম না হয়।

দেশ এবং পৃথিবীর চাওয়া অনুযায়ী কাঙ্খিত নেতৃত্ব দেওয়ার জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “জর্জের আর্তনাদ কেউ শোনেনি। আমি আপনাদের কাছে যে আর্জি জানাচ্ছি সেটি শুনুন। আমার পরিবারের আর্জি শুনুন। বিশ্বজুড়ে রাস্তায় রাস্তায় যে আহ্বান ধ্বনিত হচ্ছে তা শুনুন।”

অশ্রুসিক্ত চোখে ফিলোনিজ বলেন, “আপনাদের কাছে আমি এই যন্ত্রণা বন্ধের আহ্বান জানাচ্ছি। এই বেদনার অবসান করুন। বাঁচার জন্য আর্তনাদ করতে করতে চোখের সামনে ভাইকে মরতে দেখার বেদনা যে কতটা তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না।”

মিনেসোটার মিনিয়াপোলিসে গত ২৫ মে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড তার ঘাড়ে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাটুর চাপে দমবন্ধ হয়ে মারা যান। মৃত্যুর ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের ঝড় ওঠে।

এ পরিস্থিতিতে পুলিশের বর্বরতা, অসদাচরণ রুখে দেওয়া, ঘাড়ে চাপপ্রয়োগ নিষিদ্ধ করাসহ নাগরিক অধিকার ভঙ্গের ক্ষেত্রে জবাবদিহিতা ও বিচারের পথ সুগম গত সোমবার মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা পুলিশে আমূল সংস্কার আইনের প্রস্তাব পেশ করে।

এর দু’দিনের মাথায়ই বিষয়টি নিয়ে শুনানিতে নাগরিক অধিকার কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাক্ষ্য শুনতে শুরু করেছে হাউজের বিচারবিভাগীয় কমিটি। ৪ জুলাইয়ে প্রস্তাবিত বিলটি হাউজে পাঠাতে চায় কমিটি।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের পুলিশে আমূল সংস্কারের বিল আনল ডেমোক্র্যাটরা
জর্জ ফ্লয়েডের দাফন সম্পন্ন, ন্যায় বিচার দাবি পরিবারের
হিউস্টনে ফ্লয়েডের প্রতি শেষ শ্রদ্ধা জানাল হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রজুড়ে বিশাল বর্ণবাদ বিরোধী বিক্ষোভ
পুলিশি নির্মমতার বিরুদ্ধে বিশ্বজুড়ে সংহতি