হিউস্টনে ফ্লয়েডের প্রতি শেষ শ্রদ্ধা জানাল হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে হিউস্টনের কয়েক হাজার মানুষ।
সোমবার ফ্লয়েডের নিজ শহর হিউস্টনের ফাউন্টেইন অব প্রেইস গির্জায় ফ্লয়েডের লাশবাহী কফিন ছয় ঘণ্টার জন্য রাখা হয়েছিল, সেখানে সর্বস্তরের জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে নিহত ফ্লয়েড ওই শহরটিতে যাওয়া আগে এই হিউস্টনেরই বাসিন্দা ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শোকার্ত মানুষজন করোনাভাইরাসজনিত স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ও দস্তানা পরে ফ্লয়েডকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। একসঙ্গে ১৫ জন দর্শনার্থীকে গির্জায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তারা দুটি সমান্তরাল লাইন ধরে সামাজিক দূ্রত্ব বজায় রেখে ফ্লয়েডের কফিনের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
কেউ কেউ মাথা নত করে আবার কেউ কেউ মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরে তার প্রতি সম্মান জানান।
শেষ দেখার এ পর্ব ছয় ঘণ্টারও বেশি সময়ে ধরে চলে এবং ছয় হাজার ৩০০ জনেরও বেশি লোক এতে অংশ নেন বলে জানিয়েছেন গির্জাটির কর্মকর্তারা।
টেক্সাসের হিউস্টনে এ দিন তীব্র গরম থাকায় লাইনে অপেক্ষমান কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা।
গির্জার বাইরে হিউস্টনের ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ বাসিন্দা মার্কাস উইলিয়াম বলেন, “যে বিদায়-সংবর্ধনা তার প্রাপ্য ছিল সেটি পাওয়ায় আমি খুশি। আমি চাই পুলিশি হত্যা বন্ধ হউক। হত্যা বন্ধ ও ন্যায়বিচার অর্জন করতে তাদের কর্মপ্রক্রিয়ার সংস্কার চাই আমি।”
মঙ্গলবার হিউস্টনে পারিবারিকভাবে ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে মিনিয়াপোলিসে ও ফ্লয়েডের জন্মস্থান নর্থ ক্যারোলাইনায়ও ফ্লয়েডের স্মরণে অনুষ্ঠান হয়েছে।
শনিবার রাতে পরিবারের সদস্যরা বিমানে করে ফ্লয়েডের মৃতদেহ টেক্সাসে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন সোমবার হিউস্টনে ফ্লয়েডের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
