২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে ৩৪ বছর পর সাবেক প্রধানমন্ত্রীর ‘খুনি শনাক্ত’

সুইডেনের কৌঁসুলিরা ৩৪ বছর পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ওলোফ পামের খুনিকে শনাক্ত করার কথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 06:49 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

‘স্কান্দিয়া ম্যান’ নামে পরিচিত সন্দেহভাজন খুনি স্টিগ ইংস্ট্রম ২০০০ সালেই আত্মহত্যা করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

১৯৮৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে স্ত্রী লিসবেত, ছেলে মার্টিন ও ছেলের বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী পাম।

সিনেমা শেষে স্ত্রীর সঙ্গে স্টকহোমের রাস্তায় হাঁটার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন ৫৯ বছর বয়সী এ রাজনীতিক; ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।

সেদিন সিনেমা দেখতে যাওয়ার আগেই পাম তার নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের ছুটি দিয়ে দিয়েছিলেন।

এই সুযোগে খুনি স্টকহোমের ব্যস্ত সড়কে প্রধানমন্ত্রীকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে .৩৫৭ ম্যাগনাম হ্যান্ডগানের কয়েকটি গুলি পাওয়া গেলেও শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটির কোনো হদিশ মেলেনি।   

ওই ঘটনার ৩৪ বছর পর খুনিকে শনাক্ত করার কথা জানিয়েছেন সুইডেনের চিফ প্রসিকিউটর ক্রিস্টের পিটারসন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে তদন্ত কার্যক্রম শেষেরও ঘোষণা দিয়েছেন তিনি।

ইংস্ট্রমকে শনাক্তের আগে কৌঁসুলিরা পাম হত্যাকাণ্ডের তদন্তে হাজারো মানুষের সাক্ষ্য নিয়েছিলেন।

প্রথম দিকে ছিঁচকে এক অপরাধীকে অভিযুক্ত করা হলেও উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। 

স্বামীর প্রকৃত খুনি কে- তা না জেনেই ২০১৮ সালে লিসবেত পাম মারা যান।

কৌঁসুলিরা যা বলছেন

“স্টিগ ইংস্ট্রমই খুনি। যেহেতু তিনি মারা গেছেন, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাচ্ছে না,” বলেছেন সুইডেনের চিফ প্রসিকিউটর পিটারসন।

তিনি জানান, প্রথম দিকে সন্দেহের তালিকায় না থাকলেও পরে তদন্ত কর্মকর্তারা ইংস্ট্রমের অতীত খুঁড়ে তার অস্ত্র চালানোর অভিজ্ঞতা, সেনাবাহিনীতে দায়িত্ব পালনের কথা জানতে পারেন। ইংস্ট্রম যে একটি শুটিং ক্লাবেরও সদস্য ছিলেন তদন্তে তাও বেরিয়ে আসে। 

ঘনিষ্ঠদের কাছে ইংস্ট্রম প্রধানমন্ত্রী পামের নীতির ঘোরতর সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন। বাম ঘরানার প্রধানমন্ত্রীর ব্যাপারে তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল বলে ইংস্ট্রমের আত্মীয়স্বজনরাও জানিয়েছেন। 

পিটারসন বলেছেন, পামের এ সন্দেহভাজন খুনি দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগেছেন; তার অ্যালকোহলজনিত সমস্যাও ছিল।

পাম যে স্থানে গুলিবিদ্ধ হন, স্কান্দিয়া ইনস্যুরেন্সের সদরদপ্তর ছিল তার কাছেই। ১৯৮৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইংস্ট্রম ওই সদরদপ্তরে রাত অবধি কাজ করেছেন বলে নথি ঘেঁটে জানা গেছে।

আলোচিত এ হত্যাকাণ্ডে যে জনাবিশেক প্রত্যক্ষদর্শী ছিল, প্রথমদিকে ইংস্ট্রমকেও তার একজন হিসেবে দেখা হচ্ছিল।

কৌঁসুলিরা এখন বলছেন, হত্যাকাণ্ডের পরের মুহুর্তগুলোতে কী হয়েছিল, তা নিয়ে ইংস্ট্রম মিথ্যা বলেছিলেন। ইংস্ট্রমের সাক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর জ্ঞান ফেরাতে চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছিলেন।

অনেক বছর পর সাংবাদিক থমাস পিটারসনই প্রথম ইংস্ট্রমকে পামের খুনি হিসেবে সন্দেহ করেন। তার সন্দেহের উপর ভিত্তি করে পুলিশ ইংস্ট্রমকে নিয়ে খোঁজখবর শুরু করে।

পামের বাম মনস্কতার জন্যই ইংস্ট্রম তাকে খুন করেছে বলে কৌঁসুলিরা এখন ধারণা করছেন।

২০১৮ সালে ইংস্ট্রমের প্রাক্তন স্ত্রী সংবাদমাধ্যম এক্সপ্রেসেনকে জানান, গোয়েন্দা কর্মকর্তারা ২০১৭ সালে তাকে পাম হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রীকে খুনে ইংস্ট্রমের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, “(ইংস্ট্রম) অনেক বেশি ভীতু প্রকৃতির ছিল, একটি মাছিরও ক্ষতি করার ক্ষমতা ছিল না তার।”

সাবেক প্রধানমন্ত্রীকে খুনের ঘটনায় ক্রিস্টের পিটারসন ((সুইডেনের এখনকার চিফ প্রসিকিউটরের সঙ্গে নামের মিল থাকলেও দুইজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই)) নামে এক ব্যক্তিকে ১৯৮৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক উদ্ধার না হওয়ায় আপিলে ছাড়া পেয়ে যান পিটারসন; ২০০৪ সালে তার মৃত্যু হয়েছে।

পামের শত্রু ছিল কারা?

সুইডেনের সোশাল ডেমোক্র্যাট পার্টির নেতা পাম বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও সরব ছিলেন।

দেশে বিভিন্ন সংস্কার নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি। পাম সুইডেনের পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়ারও বিরোধী ছিলেন।

চেকস্লোভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের অভিযান এবং উত্তর ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের বোমা হামলারও কট্টর সমালোচক ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় তখনকার ‘বর্বর’ বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন এ বাম ঘরানার রাজনীতিক।  

সুইডেনের প্রধানমন্ত্রীকে খুনের পেছনে ‘যেসব তত্ত্ব’ বাজারে চালু ছিল, তার মধ্যে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরোধিতা এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এনএনসি) অর্থ সাহায্যের বিষয়টিই বেশি জনপ্রিয়তা পেয়েছিল।

পামে এএনসিকে অর্থ দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে সুইডেনের পুলিশ ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিল।

ভারতে অস্ত্র সরবরাহে সুইডেনের অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স দুই দেশের অনেককে ঘুষ দিয়েছিল- পামে তা জেনে যাওয়ায় তাকে খুন করা হতে পারে বলে অনেকের ধারণা।   

কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে-কে পামের সরকার ‘সন্ত্রাসী সংগঠন’  ঘোষণা করেছিল। এ ঘোষণাও বাম ঘরানার তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রীর জন্য কাল হয়েছিল বলে অনেক পর্যবেক্ষকের অনুমান।