২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকে পাল্টে দেবেন জর্জ ফ্লয়েড: জো বাইডেন

কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 11:12 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

টেক্সাসের হিউস্টনে ব্যক্তিগতভাবে ফ্লয়েডের পরিবারের সঙ্গে সাক্ষাত করে সহানুভূতি জানানোর পর বাইডেন সিবিএস নিউজকে বলেন, তার (ফ্লয়েড) মৃত্যু আমেরিকার ইতিহাসে এক বড় ধরনের বাঁক পরিবর্তন।

মিনেসোটার মিনিয়াপোলিসে গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নিপীড়নে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠেছে।

মিনিয়াপোলিসে যাওয়ার আগে ফ্লয়েড হিউস্টনেরই বাসিন্দা ছিলেন।মঙ্গলবার সেখানে পারিবারিকভাবে ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

ফ্লয়েডের পরিবার সম্পর্কে জো বাইডেন সিবিএস নিউজে বলেন, “চমৎকার একটি পরিবার।তার ছোট মেয়েটি বাসায় ছিল। সে বলেছে, বাবা বিশ্বকে বদলে দেবেন। আমিও মনে করি তার বাবা বিশ্বকে বদলে দেবেন।”

“এখানে যা ঘটেছে তা আদতে নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার এবং মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের ক্ষেত্রে আমেরিকার ইতিহাসে এক বড় ধরনের মোড় পরিবর্তন বলেও আমি মনে করি,” বলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে এবছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেন নির্বাচনী প্রচারের শুরু থেকেই বলে আসছেন, আমেরিকানরা কি ধরনের দেশ পেতে চায় তা নির্ধারণ করার সুযোগ তারা পাচ্ছে নভেম্বরেই।

এতদিন তার এ কথাকে অনেকেই তেমন আমল না দিলেও এখন বাইডেনের পালে হাওয়া লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্লয়েডের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বাইডেন যে সহানুভূতি দেখিয়েছেন সেটিও নির্বাচনে তার সমর্থনের ভিত মজবুত করবে।

জরিপে দেখা গেছে, মাত্র কয়েক সপ্তাহেই বর্ণবাদ এবং আইন প্রয়োগ নিয়ে আমেরিকানদের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটেছে। যে বিষয়টি সাধারণত তেমন প্রাধান্য পেত না সেটিই এখন ভোটারদের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।

ছয়বছর আগে মাত্র ৩৩ শতাংশ আমেরিকান কৃষ্ণাঙ্গের প্রতি পুলিশের আচরণকে নেতিবাচক দৃষ্টিতে দেখত। এখন এ হার ৫৭ শতাংশ; এর মধ্যে ৪৯ শতাংশই শ্বেতাঙ্গ।