উহানে ভাইরাস ছড়ানো শুরু সম্ভবত অগাস্টে: গবেষণা, চীন বলল ‘হাস্যকর’
চীনের হুবেই প্রদেশের উহানে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং তা ছড়ানোর সময় নিয়ে নতুন তথ্য উঠে এসেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণায়।
বলা হচ্ছে, উহানে গতবছর ডিসেম্বরে নয় বরং আরো অনেক আগেই এ ভাইরাসের উপস্থিতি এবং বিস্তার ঘটেছে। সম্ভবত অগাস্টে করোনাভাইরাস ছড়ানো শুরু হয়।
স্যাটেলাইটের ছবিতে উহানের হাসপাতালগুলোতে মানুষের ভিড়ের আলামত এবং সার্চ ইঞ্জিন ডাটা বিশ্লেষণের ভিত্তিতে গবেষকরা এ তথ্য দিয়েছেন। তবে চীন এ গবেষণাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে।
উহানে সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রথম গুচ্ছ সংক্রমণ শনাক্ত হওয়া এবং সরকারিভাবে নথিভুক্ত সার্স-কভ-২ মহামারীর শুরু গতবছর ডিসেম্বরে।
কিন্তু হার্ভার্ডের গবেষণা বলছে, উহানের হাসপাতালগুলোতে সারি সারি গাড়ি এবং সার্চ ইঞ্জিনে রোগের লক্ষণের অনুসন্ধান বেড়ে যেতে দেখা গেছে তার আগে থেকেই।
গবষণায় স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ সালের অগাস্টে হাসপাতালগুলোতে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
যদিও হঠাৎ করে হাসপাতালে ভিড় বাড়ার কারণ কেবল নতুন করোনাভাইরাসই কি-না তা নিশ্চিত হতে পারেননি গবেষকরা। তবে তারা বলছেন, ওই একই সময়ে ‘কফ’, ‘ডায়রিয়া’র মতো শব্দগুলো নিয়ে চীনা সার্চ ইঞ্জিনে অনুসন্ধানে কৌতূহলী হয়েছেন বাসিন্দারা।
গবেষকদের কথায়, ‘কফ’ শব্দটি ইনফ্লুয়েঞ্জার কারণে খোঁজা হয়ে থাকতে পারে বলে ধরে নেওয়া হলেও ‘ডায়রিয়া’ শব্দটি বিশেষত কোভিড-১৯ এর লক্ষণ। যে শব্দটির খোঁজ অগাস্টে প্রচুর বেড়েছে। অথচ এর আগে ফ্লু এর মৌসুমে শব্দটি কেউ সার্চ করেনি।
গবেষণাটি নিয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেছেন, ‘‘আমি মনে করি হাসপাতালে গাড়ির ভিড় দেখার মতো ভাসা ভাসা পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষকদের এমন সিদ্ধান্তে পৌঁছানোটা খুবই উদ্ভট এবং হাস্যকর।”
