২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিনিয়ায় বিক্ষোভে গাড়ি তুলে দেয়া ব্যক্তি ‘উগ্রবাদী শ্বেতাঙ্গ নেতা’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ গ্রহণকারীদের উপর পিকআপ ট্রাক তুলে দেয়ার দায়ে অভিযুক্ত ব্যক্তি উগ্রবাদী শ্বেতাঙ্গ সংগঠন ক্লু ক্লাক্স ক্ল্যানের স্থানীয় নেতা বলে কৌঁসুলিরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 03:30 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রোববার রাতে রিচমন্ডের কাছে একটি সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছিলেন। সেখানেই আন্দোলনকারীদের উপর ট্রাক তুলে দেন ৩৬ বছর বয়সী হ্যারি এইচ রজার্স।

এ ঘটনায় একজন সামান্য আহত হন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রজার্সের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হামলাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে সোমবার জানিয়েছে হেনরিকো কাউন্টি পুলিশ ।

হেনরিকো কমনওয়েলথসের অ্যাটর্নি শেনন টেইলর জানান, রজার্স নিজেই তার ক্লু ক্লাক্স ক্ল্যান (কেকেকে) সংশ্লিষ্টতা স্বীকার করে নিয়েছেন।

৩৬ বছর বয়সী এ ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এক নজর দেখলেও যে কেউই তাকে উগ্রবাদী শ্বেতাঙ্গ সংগঠনের অনুসারী ধরে নেবে, বলেছেন তিনি।

রিচমন্ড সিবিএস টেলিভিশনে কেকেকের পোশাক পরিহিত ও কনফেডারেট পতাকা নাড়ানো রজার্সের কয়েক বছর আগের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে।

রজার্সের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হবে কিনা, কৌঁসুলিরা এখন তা খতিয়ে দেখছেন।

সোমবার নিকোলাস ফার্নান্দেজ নামের অন্য এক ব্যক্তির বিরুদ্ধে সিয়াটলে এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে কিং কাউন্টি কারাগারের নথি থেকে জানা গেছে। 

ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধীদের শোভাযাত্রার কাছে ফার্নান্দেজের গাড়িটি চলে এলে বিক্ষোভকারীরা তা ঘিরে ধরে; এক পর্যায়ে ফার্নান্দেজ গুলি চালালে তা এক বিক্ষোভকারীর বাহুতে লাগে বলে কাছাকাছি থাকা এক পথচারীর করা ভিডিওতে দেখা গেছে।

আহত ব্যক্তিকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।