ইন্দোনেশিয়ায় কুয়া থেকে ৬ দিন পর উদ্ধার ব্রিটিশ যুবক
ইন্দোনেশিয়ায় বালি দ্বীপের একটি গ্রামে কুয়ায় পড়ে যাওয়ার ছয়দিন পর উদ্ধার করা হয়েছে এক ব্রিটিশ যুবককে।
বিবিসি জানায়, কুকুরের তাড়া খেয়ে জ্যাকব রবার্টস নামের ২৯ বছর বয়সী ওই যুবক পেকাতু গ্রামে চার মিটার গভীর একটি কুয়ায় পড়ে যান। তার পা ভেঙে গিয়েছিল।
কুয়াটি শুকনো থাকলেও পা ভেঙে যাওয়ায় রবার্টস বের হতে পারেননি। কুয়ায় সামান্য পানি থাকায় তিনি বেঁচে ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সাহায্য চেয়ে রবার্টস আর্তনাদ করছিলেন। গ্রামের নির্জন ওই এলাকায় চারণভূমি খুঁজেফেরা এক স্থানীয় বাসিন্দা সেই আর্তনাদ শুনতে পান। তিনিই পরে রবার্টসের খোঁজ জানান স্থানীয় কর্তৃপক্ষকে।
সাউথ কুটা পুলিশ প্রধান বলেন, শনিবার রবার্টসকে উদ্ধার করার পর তাকে রোগাটে দেখাচ্ছিল এবং তিনি জখম ছিলেন।
তিন উদ্ধারকর্মী স্ট্রেচারে করে রবার্টসকে কুয়া থেকে টেনে তোলেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস বালি।
দক্ষিণ বালির জনপ্রিয় পর্যটন স্থান নুসা দুয়ার কাছেই পেকাতু গ্রাম। রবার্টস বালির বাসিন্দা নাকি পর্যটক তা জানা যায়নি।
করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে লকডাউনে আছে বালি দ্বীপ। তবে এখন সতর্কতা মেনে কিছু কিছু স্থান আবার সচল হতে শুরু করেছে।
