কোভিড-১৯: অধিকাংশ বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া
প্রাদুর্ভাব ‘নিয়ন্ত্রণে’ আছে জানিয়ে প্রায় তিন মাস ধরে চলা লকডাউনের অধিকাংশ বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তিনি বলেন, “নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আছে। মালয়েশিয়া ৩১ অগাস্ট পর্যন্ত নতুন একটি পুনরুদ্ধার পর্ব শুরু করবে।”
বুধবার থেকে দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপিত অধিকাংশ করোনাভাইরাস বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এ দিন থেকে অন্তঃরাজ্য ভ্রমণের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু আন্তর্জাতিক সীমান্ত বন্ধই থাকবে।
গত ১৮ মার্চ থেকে গুরুত্বপূর্ণ নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেয় দেশটি। পাশাপাশি সব ধরনের জনসমাবেশ ও ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর গত মাস থেকে সামাজিক দূরত্ব বিধি গাইডলাইন আরোপ করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নিতে শুরু করে মালয়েশিয়া।
রোববার পর্যন্ত দেশটিতে নতুন করোনাভাইরাসে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩০৩ জন এবং মৃতের সংখ্যা ১১৭ জন ছিল। সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে নতুন সংক্রমণের হার কমে এসেছে।
