২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: গেটস ফাউন্ডেশনের সহায়তায় ‘ঘরেই নমুনা সংগ্রহ’ স্থগিত যুক্তরাষ্ট্রে

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস শনাক্তে ঘর থেকে নমুনা সংগ্রহে সিয়াটলভিত্তিক একটি প্রকল্পের কার্যক্রম স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 07:12 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

সিয়াটল করোনাভাইরাস অ্যাসেসমেন্ট নেটওয়ার্কের (এসসিএএন) এ প্রকল্পে যে কেউ ঘরে বসেই নমুনা সংগ্রহের নির্ধারিত কিট দিয়ে নিজের শ্লেষ্মা নিয়ে পরীক্ষার জন্য পাঠাতে পারতো।

প্রকল্পটি ফের শুরু করতে চেষ্টা চলছে বলে শনিবার জানিয়েছে এসসিএএন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিয়াটলে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের বিস্তৃতি খতিয়ে দেখতে গঠিত এ নেটওয়ার্কে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তা আছে।

এসসিএএন বলছে, এফডিএ কর্তৃপক্ষ তাদের জরুরি অনুমোদনের নির্দেশনায় কড়াকড়ি আনার পর তারা তাদের নমুনা সংগ্রহ ও সেগুলোর পরীক্ষা কার্যক্রম স্থগিত করে দিয়েছে।

“আমাদের শনাক্তকরণ পরীক্ষার নিরাপত্তা ও নির্ভুলতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলেনি এফডিএ। কেবল প্রয়োজনীয় আরও অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে বলেছে,” বিবৃতিতে বলেছে তারা।

মার্চে গেটস ফাউন্ডেশন এসসিএনএ’কে প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথা জানিয়েছিল। সিয়াটলভিত্তিক এ নেটওয়ার্কটি সেসময় কোভিড-১৯ রোগী শনাক্তে এভাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষায় ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষের অনুমতিও পেয়েছিল।

যুক্তরাষ্ট্রে যে কয়টি অঙ্গরাজ্যে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়, ওয়াশিংটন ছিল সেগুলোর অন্যতম।

এসসিএনে বিল গেটস ব্যক্তিগতভাবে অর্থ দিয়েছেন বলেও গেটস ফাউন্ডেশনের দেওয়া তথ্যে জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, এসসিএনের কার্যক্রম স্থগিত করা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে খাদ্য ও ওষুধ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কবে থেকে ফের ঘরেই নমুনা সংগ্রহের এ প্রকল্পটি শুরু করা যাবে এসসিএনও সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা দিতে পারেনি।

সিয়াটলের নেটওয়ার্কের নমুন সংগ্রহ কার্যক্রম স্থগিত করলেও শনিবার এফডিএ এভারলিওয়েল ইনকর্পোরেট নামের অন্য একটি কোম্পানির ঘর থেকে নমুনা সংগ্রহের কিটে অনুমোদন দিয়েছে। টেক্সাসভিত্তিক এভারলিওয়েল মার্চেই এ কিট ছেড়েছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।