২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চীনের উহানে একদিনে এক লাখ সাড়ে ১৩ হাজার পরীক্ষা

চীনে নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল উহান শহরে একদিনে এক লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 10:21 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

১৫ মে, শুক্রবার এসব পরীক্ষা করা হয়েছে বলে শনিবার জানিয়েছে শহরটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ৮ এপ্রিলে কঠোর লকডাউন তুলে নিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর। ক্ষণিকের জন্য মনে হয়েছিল যেন হাঁফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে শহরটি। কিন্তু গত সোমবার শহরটির একটি আবাসিক কম্পাউন্ডের পাঁচ বাসিন্দা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়।

এরপর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে শহরের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকে পরীক্ষা করার কর্মসূচী নেয় শহর কর্তৃপক্ষ।

শুক্রবার যত লোকের পরীক্ষা করা হয়েছে তা বৃহস্পতিবার করা পরীক্ষার চেয়ে ৫০ শতাংশ বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৪ মে শহরটির ৭২ হাজার ৭৯১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল।

উহানের মিউনিসিপাল স্বাস্থ্য কমিশন গত ২১ ফেব্রুয়ারি থেকে তথ্য প্রকাশ শুরু করেছিল। তারপর থেকে শুক্রবারই একদিনে সবচেয়ে বেশি লোকের নিউক্লিয়িক অ্যাসিড টেস্ট করা হয়েছে।